মোদি সরকারের আমলে ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার: সোনিয়া
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে দেশটির প্রায় ২০ কোটি মুসলিম নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তার মতে, কংগ্রেসের নেতৃত্বে ভারত যে বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা ধারণ করেছিলো, বর্তমান সরকারের হিন্দুত্ববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত। এর ফলে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে মুসলিম সম্প্রদায় বৈষম্য ও নিপীড়নের মুখে পড়ছে।
সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। সাক্ষাৎকারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেন।
সোনিয়া গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি একজন কর্তৃত্ববাদী নেতা, যিনি ভারতের রাষ্ট্রীয় চরিত্র বদলে দিতে চান। বিজেপি পরিকল্পিতভাবে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে।
তিনি বলেন, ভারতের রাজনীতিতে একসময় সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা, পরামর্শ এবং পারস্পরিক সৌজন্যের চর্চা ছিলো। কিন্তু বর্তমানে সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেয়া হয় না। বিরোধীদের কোনও গুরুত্বই দেয়া হচ্ছে না।
নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর তার সঙ্গে খুব কমই কথা হয়েছে বলে জানান সোনিয়া গান্ধী। তার অভিযোগ, একই কক্ষে উপস্থিত থাকলেও মোদি অনেক সময় তার দিকে তাকানো এড়িয়ে যান। অথচ অতীতে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকত।
বিজেপির ‘কংগ্রেসমুক্ত ভারত’ স্লোগানেরও সমালোচনা করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, তার ও সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা করা হচ্ছে। বিরোধীদের প্রতি সরকার অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
সবার দেশ/কেএম




























