হাতকড়া পরেই দেশে ফিরবেন পলাতক হাসিনা: তথ্য প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই ফিরতে হবে। তার অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলাতক হাসিনার উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন শুধু সোশ্যাল মিডিয়ায় হুংকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের এসব হুংকার বুঝে গেছে। কাজেই এখন দেশে ফিরতেই হবে। গোপনে নয়, প্রকাশ্যেই দেশে চলে আসুন। প্রয়োজনে তাদের ফেরার টিকিটের ব্যবস্থাও করা হবে বলে মন্তব্য করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলো এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারী ও শিশুসহ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে এনে হাতকড়া পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কোনও ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তথ্য প্রতিমন্ত্রী।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করেছিলো। সে সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনও প্রকট আকার ধারণ করেছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সিপাহি-জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন।
জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিভাজনের রাজনীতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান এবং তার পরিবার জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছেন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কেউ ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে।
এ সময় এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে নিজেরা আইন হাতে না তুলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
সবার দেশ/কেএম




























