কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
ইরানের ড্রোন হামলায় কুয়েতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। তারা জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের প্রযুক্তিবিদ ছিলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর আগে ইতালির সংবাদ সংস্থা আনসাও দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর প্রকাশ করে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে জানিয়েছিলো, ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে আহত দুই ইতালীয়র মৃত্যুর খবর পাওয়া যায়।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি শত্রুতামূলক ড্রোন শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। এরপর সেগুলো মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। ইরানের এ হামলায় কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। হামলায় সংশ্লিষ্ট স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিলো এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইতালির সংবাদপত্র লা রিপাবলিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুই প্রযুক্তিবিদ ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন। ধারণা করা হচ্ছে, গত মার্চ থেকে উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলা থেকে সুরক্ষা দেয়া এবং ইতালিতে জ্বালানি সরবরাহের উৎসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা সামরিক ও বেসামরিক সদস্যদের একটি দলের অংশ ছিলেন তারা।
এদিকে ইরানের হামলার প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেসামরিক বিমান চলাচলেও। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইউরোপ থেকে উপসাগরীয় দেশগুলোতে যাতায়াতকারী কয়েকটি উড়োজাহাজকে নিরাপত্তাজনিত কারণে গতিপথ পরিবর্তন করতে হয়েছে।
কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিমান চলাচলে এ বিঘ্ন সৃষ্টি হয়। এতে আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিভিন্ন উড়োজাহাজের যাত্রাপথ ও সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েত বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সর্বশেষ এ হামলায় দুই বিদেশি প্রযুক্তিবিদের মৃত্যুর ঘটনা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি আঞ্চলিক সংঘাতের প্রভাবে বেসামরিক বিমান চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও অনিশ্চয়তা বাড়ছে।
সবার দেশ/কেএম




























