আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় নেপিদোর ঘোষণা; প্রত্যাবাসনে পরিচয় যাচাইয়ের শর্ত, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি অনুকূলে এলে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে পরিচয় যাচাই-বাছাইয়ের শর্তের কথা উল্লেখ করেছে দেশটি। একই সঙ্গে উত্তর রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে নেপিদো।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যার অভিযোগসংক্রান্ত আইসিজের রায়ের পর শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।
বিবৃতিতে মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে বলেছে, দেশের জনগণের সর্বোত্তম স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রেখে মানবিক সহায়তা এবং পুনর্বাসনসংক্রান্ত পদক্ষেপ নেয়া হবে। উত্তর রাখাইন রাজ্যে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশটির অভ্যন্তরীণ আইন, আন্তর্জাতিক রীতিনীতি, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও চলমান আন্তর্জাতিক সহযোগিতা কর্মসূচির আওতায়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি।
আইসিজের রায়ে হতাশ মিয়ানমার
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিবৃতিতে দাবি করা হয়েছে, লিখিত ও মৌখিক শুনানিতে আদালতের সামনে বিস্তারিত তথ্য, নথিপত্র ও জোরালো প্রমাণ উপস্থাপন করেছে তারা। মিয়ানমারের দাবি, গাম্বিয়ার অভিযোগ এবং সেসব অভিযোগের সমর্থনে উপস্থাপিত প্রতিবেদনগুলো প্রকৃত পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
তবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, বাস্তুচ্যুতি ও গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়া এবং মিয়ানমারের বক্তব্যের মধ্যে রয়েছে গভীর মতপার্থক্য।
সামরিক অভিযানকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে দাবি
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযান গণহত্যার উদ্দেশ্যে করা হয়নি বলে দাবি করেছে মিয়ানমার। দেশটির বক্তব্য, অভিযানগুলো ছিলো সীমিত পরিসরের ও স্বল্পস্থায়ী এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিলো।
বিবৃতিতে আরসার বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তুলে বলা হয়, এসব ঘটনার কারণে গ্রাম ও শহরগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দা ও ‘বাঙালি’ জনগোষ্ঠী বাস্তুচ্যুত হতে বাধ্য হয়।
মিয়ানমার কর্তৃপক্ষ তাদের সামরিক পদক্ষেপকে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও নিপীড়নের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত।
রাখাইন পরিস্থিতিকে অভ্যন্তরীণ বিষয় বলছে নেপিদো
উত্তর রাখাইন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এটি মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দেশটির মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের বর্তমান চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিবেচনা করা এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখিয়ে গঠনমূলক ভূমিকা পালন করা।
বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুতদের পরিচয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাবাসন শুরু করা হবে। তবে প্রত্যাবাসন কবে শুরু হবে, কীভাবে বাস্তবায়িত হবে এবং রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা কীভাবে দেয়া হবে—এসব বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত পরিকল্পনা উল্লেখ করা হয়নি।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দীর্ঘদিন ধরে দুই দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। মিয়ানমারের সাম্প্রতিক ঘোষণায় প্রত্যাবাসনের কথা পুনর্ব্যক্ত করা হলেও বাস্তবে তা কার্যকর করার ক্ষেত্রে নিরাপত্তা, অধিকার ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
সবার দেশ/এমকেজে




























