Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৫৮, ২১ নভেম্বর ২০২৬

৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন

৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
ছবি: সংগৃহীত

৮১ বছর বয়সে বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার ১৩তম উপন্যাস ‘The End of Everything’ (দ্য এন্ড অব এভরিথিং)-এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেয়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বিজয়ী লেখক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন হ্যারিসন।

গত ১৬ নভেম্বর লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের ট্রফি ও ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের সম্মাননা তুলে দেয়া হয়। পুরস্কার প্রদান করেন ২০২৫ সালের বুকারজয়ী লেখক ডেভিড স্যালজাই। ছয়টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা থেকে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচিত হয় হ্যারিসনের বইটি।

এবারের বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি ছিলেন ক্লাসিক সাহিত্যবিশারদ, লেখক ও সম্প্রচারক মেরি বিয়ার্ড। প্যানেলের অন্য সদস্যরা ছিলেন কবি ও শিক্ষাবিদ রেমন্ড অ্যান্ট্রোবাস, সংগীতশিল্পী ও লেখক জার্ভিস ককার, সাংবাদিক ও সমালোচক রেবেকা লিউ এবং বুকার মনোনীত লেখক প্যাট্রিসিয়া লকউড।

এ বছর পুরস্কারের জন্য বিচারকেরা মোট ১৬৩টি উপন্যাস বিবেচনা করেন। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রকাশিত ইংরেজি ভাষার কথাসাহিত্য এ প্রতিযোগিতার আওতাভুক্ত ছিলো।

বিপর্যস্ত ব্রিটেন, অনিশ্চিত মানবজীবন

‘The End of Everything’ উপন্যাসের পটভূমি এক রহস্যময় বিপর্যয়-পরবর্তী ব্রিটেন। অজ্ঞাত এক বিপর্যয়ে দেশটির পরিচিত সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট উপকূলে এক ভবঘুরে স্বভাবের ব্যক্তি ও তার অস্ত্রধারী খালা টিকে থাকার সংগ্রাম চালিয়ে যান।

তাদের চারপাশে ছড়িয়ে রয়েছে রহস্যময় ভিনগ্রহের প্রাণীর উপস্থিতি, বিপন্ন মানবসমাজ, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বাস্তবতাকে বোঝার জটিল সংকট। বিপর্যয়ের প্রকৃত কারণ কিংবা পরিস্থিতির পূর্ণ ব্যাখ্যা না দিয়ে লেখক পাঠককে এক অস্বস্তিকর অনিশ্চয়তার মধ্যে নিয়ে যান।

উপন্যাসটির আখ্যান এগিয়েছে ছোট ছোট চলচ্চিত্রধর্মী অধ্যায়ে। প্রচলিত সাহিত্যিক কাঠামো অনুসরণ করেও হ্যারিসন সচেতনভাবে সে কাঠামো ভেঙেছেন। অনেক প্রশ্নের উত্তর না দিয়ে, ঘটনার ব্যাখ্যা অসম্পূর্ণ রেখে পাঠককে নিজস্ব উপলব্ধির মাধ্যমে গল্পের অর্থ অনুসন্ধান করতে বাধ্য করেন তিনি। ফলে উপন্যাসের চরিত্রদের বিভ্রান্তি, অসহায়ত্ব ও বাস্তবতা অনুধাবনের সীমাবদ্ধতা পাঠকের অভিজ্ঞতারও অংশ হয়ে ওঠে।

তথ্যের ভিড়ে সত্য অনুধাবনের সংকট

লেখক হ্যারিসনের মতে, সমসাময়িক পৃথিবীতে তথ্যের অবিরাম প্রবাহ থাকলেও সে তথ্য বোঝার প্রয়োজনীয় উপকরণ ও সক্ষমতার অভাব ক্রমেই প্রকট হচ্ছে। তথ্যের আধিক্য, বিভ্রান্তি এবং সমালোচনামূলক চিন্তার সংকটকে ব্যঙ্গ করাই উপন্যাসটির অন্যতম উদ্দেশ্য।

তার ব্যাখ্যায়, ‘The End of Everything’ এমন এক বিপর্যয়ের গল্প, যার কেন্দ্রে রয়েছে কোনও কিছু বুঝতে না পারার ব্যর্থতা। অর্থাৎ, এখানে বিপর্যয় কেবল সমাজ কিংবা পরিবেশের ভাঙন নয়; মানুষের চিন্তা, উপলব্ধি ও সত্য অনুসন্ধানের ক্ষমতার সংকটও।

উপন্যাসটির মাধ্যমে লেখক এমন এক বাস্তবতার ইঙ্গিত দিয়েছেন, যেখানে মানুষ অসংখ্য তথ্যের মুখোমুখি হয়েও প্রকৃত ঘটনা, তার কারণ এবং পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনে ব্যর্থ। এ ব্যর্থতাই ধীরে ধীরে ব্যক্তিগত ও সামাজিক বিপর্যয়ের রূপ নেয়।

বিচারকদের চোখে ব্যতিক্রমী এক উপন্যাস

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড উপন্যাসটিকে চ্যালেঞ্জিং পাঠ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ভালো কথাসাহিত্য পাঠককে নতুনভাবে ভাবতে বাধ্য করে এবং প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

বিয়ার্ডের ভাষায়, বইটি পাঠকের চিন্তাজগৎকে ওলটপালট করে দেয়, একই সঙ্গে হাসির খোরাক জোগায়। উপন্যাসের বিষয়বস্তু ভয়াবহ হলেও এর মধ্যে আশাবাদের একটি আভাস রয়েছে। অস্বস্তি, বিদ্রূপ, হাস্যরস ও মানবিক উপলব্ধির সমন্বয় বইটিকে বিচারকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।

ছয় দশকের সাহিত্যযাত্রায় নতুন স্বীকৃতি

প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে এম জন হ্যারিসন লিখেছেন ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্পের সংকলন এবং একটি ব্যতিক্রমী আত্মস্মৃতিমূলক গ্রন্থ। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক থাকলেও নিজেকে কোনও নির্দিষ্ট সাহিত্যধারার মধ্যে আবদ্ধ রাখতে চান না তিনি।

বুকার কর্তৃপক্ষ তাকে সাহিত্যিক ধারার সীমানা অতিক্রমকারী ও স্বতন্ত্র চিন্তার অধিকারী লেখক হিসেবে মূল্যায়ন করেছে। বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উডের মতে, প্রকৃত বিজ্ঞান কল্পসাহিত্যের জগৎ থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী লেখক হ্যারিসন।

৮১ বছর বয়সে বুকার জয় শুধু তার দীর্ঘ সাহিত্যজীবনের স্বীকৃতিই নয়, বরং প্রচলিত সাহিত্যিক ধারণা ও বয়সের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। ‘The End of Everything’ উপন্যাসের মধ্য দিয়ে তিনি সমসাময়িক মানুষের তথ্যনির্ভর জীবন, উপলব্ধির সীমাবদ্ধতা ও অস্তিত্বের সংকটকে নতুনভাবে তুলে ধরেছেন।

সূত্র : বুকার প্রাইজ ফাউন্ডেশন

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন