চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলির ক্ষত এবং নানা শারীরিক ও মানসিক জটিলতা নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। পরিবারের দাবি, প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপ্লব।
শনিবার (২১ নভেম্বর) সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিপ্লব হোসেন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকাভুক্ত তার গেজেট নম্বর ১১৬৩। ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। ওই সময় তার শরীরে অসংখ্য ছররা গুলি বিদ্ধ হয়।
এরপর থেকেই শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন বিপ্লব। স্বজনদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি ট্রমাজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা পাননি বলে অভিযোগ পরিবারের।
জানা গেছে, বিপ্লবের জীবন ছিলো চরম অভাব-অনটনে ঘেরা। দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন তিনি। জীবিকা নির্বাহ করতেন ঝালমুড়ি বিক্রি করে। তার সামান্য আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা।
জানাজায় অংশ নিয়ে রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন বিপ্লব হোসেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০ নভেম্বর তিনি মারা যান।
তিনি বলেন, পেশায় ঝালমুড়ি বিক্রেতা বিপ্লব শরীরে প্রায় শতাধিক ছররা গুলি নিয়ে দীর্ঘদিন জীবনসংগ্রাম করেছেন। শেষ পর্যন্ত সে লড়াইয়ে পরাজিত হয়েছেন তিনি।
বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
বিপ্লবের মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তান কীভাবে চলবেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গণঅভ্যুত্থানে আহত এ জুলাইযোদ্ধার চিকিৎসা ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন নতুন করে সামনে এসেছে।
সবার দেশ/কেএম




























