বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বাংলাদেশি নাগরিক সন্দেহে পাঁচজনের বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাসের অভিযোগে রোববার (২২ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাঁচ ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে তারা নিজেদের পরিচয় পরিবর্তন করে হিন্দু পরিচয়ে সেখানে বসবাস করছিলেন বলে দাবি করেছে পুলিশ। পাশাপাশি সরকারি জমি দখল করে সেখানে ঘরবাড়ি নির্মাণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর রাতে দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় একটি কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নামে হিলি থানার পুলিশ।
পরদিন ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাদের পরিচয় এবং কীভাবে তারা ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।
এদিকে, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে রোববার দুপুরে ওই পাঁচজনের বসতঘর উচ্ছেদে অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে একে একে ঘরবাড়িগুলো ভেঙে ফেলা হয়। অভিযানে পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে আটক পাঁচজনের বাংলাদেশি নাগরিকত্ব, পরিচয় পরিবর্তন এবং অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয়গুলো পুলিশের দাবি ও তদন্তসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে উঠে এসেছে। এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সবার দেশ/এফও




























