নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
বেন্দারচরে হিন্দু পরিবারের বসতি নেই, হামলার খবর বানোয়াট দাবি পুলিশের; দুই হত্যাকাণ্ডের জেরে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওকে পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে পুলিশ। ওই গ্রামে কোনও হিন্দু পরিবারের বসতি নেই এবং হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার কোনও ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মামুন শিকদারের পক্ষ থেকে পাঠানো এক লিখিত বার্তায় এসব তথ্য জানানো হয়। বার্তায় সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হামলার খবরকে 'মিথ্যা ও বানোয়াট' বলে উল্লেখ করা হয়েছে।
হত্যাকাণ্ডের জেরে সংঘর্ষ
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। ওই হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের স্বজন ও বিএনপি নেতা-কর্মীদের হামলা
পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি জোরদার
পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টের সঙ্গে স্থানীয় বাস্তবতার মিল নেই। এসব প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক হামলার বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে তারা।
এদিকে, বেন্দারচর এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
সবার দেশ/এমকেজে




























