Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১০ জুলাই ২০২৬

সাত জেলা প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

সাত জেলা প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। কোথাও কোথাও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। একই সঙ্গে কয়েক হাজার হেক্টর আমন বীজতলা, আউশ ধান ও সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা বাড়ছে।

বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সাত উপজেলা ও দুই পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন ২২০টি আশ্রয়কেন্দ্র খুলেছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের জন্য খিচুড়ি, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও মোমবাতি সরবরাহ করা হচ্ছে।

টানা বৃষ্টিতে বান্দরবানের কয়েকশ হেক্টর সবজিখেত তলিয়ে গেছে। বুধবার রাত থেকে জেলার বেশ কয়েকটি উপজেলায় বিদ্যুৎ ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কে পানি ওঠায় বান্দরবান-রাঙামাটি, রুমা ও থানচি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজন ঘুম, রান্না ও স্যানিটেশন সংকটে ভুগছেন বলে জানিয়েছেন।

কক্সবাজারেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার ১০ উপজেলার মধ্যে রামু, ঈদগাঁও, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকায় অন্তত পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে প্রবাহিত হওয়ায় বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে এবং কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

খাগড়াছড়িতে বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি কমলেও পানি ধীরে ধীরে নামছে। তবে দীঘিনালা উপজেলার পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক এবং দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন অংশ পানির নিচে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ৪৮০ হেক্টরের বেশি আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন।

রাঙামাটিতে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪ হাজার ২৬৫ জন। পাহাড় ধসে জেলার বিভিন্ন সড়কের অন্তত ১২৭টি স্থানে যোগাযোগ ব্যাহত হয়েছে। পানিতে ভেসে দুইজনের মৃত্যু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেয়া হচ্ছে।

চট্টগ্রামেও টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ পানির নিচে থাকায় তিন দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশও ডুবে গেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগর ও কমলগঞ্জ উপজেলার কয়েকটি প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট, আউশ ধান ও সবজিখেত পানিতে তলিয়ে গেছে।

সুনামগঞ্জে টানা তিন দিনের বৃষ্টিতে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি দ্রুত বাড়ছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানি ঢুকেছে।

অন্যদিকে, নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ২৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আত্রাই নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর একাধিক পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওরাঞ্চলেও জনদুর্ভোগ বেড়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি বেড়ে চরাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক রাস্তাঘাট ও নিচু এলাকা ডুবে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে সাতকানিয়ায় সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসের ঘটনা ঘটলেও সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা আশ্রয়কেন্দ্র পরিচালনা, ত্রাণ বিতরণ এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার