Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২৮ জুলাই ২০২৬

২০১৮ সালের নির্বাচন

নিশি ভোটের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নিশি ভোটের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও পদাধিকারবলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে এসব কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাদের চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনও সরকারি কর্মচারীর চাকরির বয়স বা চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো ৩২ কর্মকর্তাই বর্তমানে ওএসডি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে বিভিন্ন সময়ে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের নিয়মিত দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিলো।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিলো। সে সময় এ ৩২ কর্মকর্তা দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জেলা প্রশাসক হিসেবে পদাধিকারবলে তারাই নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এবং নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন।

সাম্প্রতিক সময়ে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের মধ্যে এবার ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তাকেও একই আইনি বিধানের আওতায় অবসরে পাঠানো হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: