আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ
সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ঢাবি শিক্ষকদের; চট্টগ্রাম ও রংপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকেরা দেশে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মহিউদ্দিন আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। কোনও একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
তিনি বলেন, দেশ যখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকগোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, সরকারের ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ দেয়া উচিত নয়। এমন পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
অধ্যাপক লুৎফর রহমান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া জনগণ এবং বর্তমান সরকার অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক শাইক ইমতিয়াজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
এদিকে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকেল ৩টায় নগরের কাজীর দেউড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে লালখান বাজার, জামালখান, লাভ লেন ও ওয়াসা মোড় প্রদক্ষিণ করে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
সমাবেশে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনও অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোনও অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভুঁইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ
একই দিন রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর হাসান সুমন বলেন, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ আবারও ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর আগেও দলটি এমন কর্মসূচি দিয়েছিলো, কিন্তু দেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্যও দেন। তার ভাষায়, জীবিত থাকতেই কেয়ামতের আলামত কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে।
এ ছাড়া একই কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও মহানগর মহিলা দল।
ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের এসব কর্মসূচিতে বক্তারা রাজনৈতিক সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।
সবার দেশ/এমকেজে




























