খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী অধিকাংশ বাসের চলাচল বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে বাসের শিডিউল বাতিল করেছেন পরিবহন মালিকরা। একই দিন বিকেলে খুলনা নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড় এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে বাস কাউন্টারগুলোতে প্রবেশ করেন। এরপর সাইনবোর্ডে লেখা ‘টুঙ্গিপাড়া’ শব্দটি কালো কালি দিয়ে মুছে দেন তারা। কোনও কোনও কাউন্টারে ব্যানার-ফেস্টুন উল্টে দেয়া হয়, আবার কোথাও কালো কাপড় দিয়ে নামটি ঢেকে রাখা হয়।
এ কর্মসূচিতে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঘোষণা দেন, খুলনায় ‘টুঙ্গিপাড়া’ নামের কোনও কাউন্টার থাকতে দেয়া হবে না। এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়ীগেট এলাকার একটি পরিবহন কাউন্টার থেকেও একইভাবে ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দেয়া হয়েছিলো।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ দেখা যায়। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও কোনও বাস ছেড়ে যায়নি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। তবে নগরীর অভ্যন্তরীণ ও লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিলো।
ফাল্গুনী পরিবহনের সোনাডাঙ্গা কাউন্টার ম্যানেজার আবিদ হাসান জানান, বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেলেও বিকেলের বাসগুলো চলাচল করেনি। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবারের পর বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যদিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার শহিদুল ইসলাম জানান, অবরোধের কারণে বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ থাকবে। কাউন্টারের সাইনবোর্ডে মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম থাকলেও ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামটি ঢেকে দেয়া হয়েছে।
বাস চলাচল বন্ধ ও কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়ে পুলিশের বক্তব্য অবশ্য ভিন্ন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে ফেলার বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনও তথ্য নেই জানিয়ে ওসি বলেন, বাস চলাচল স্বাভাবিক থাকবে। তবে পরিবহন সংশ্লিষ্টদের শিডিউল বাতিলের সিদ্ধান্ত এবং পুলিশের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় খুলনা-ঢাকা রুটের যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























