Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ১২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অধিনায়ক হিসেবে অভিষেকেই গোল করে দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি সতীর্থদের অনুপ্রাণিত করেছেন হামজা চৌধুরী। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চার ফুটবলারের চার গোলে প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে স্বাগতিকরা। প্রথমার্ধে শমিত সোম ও অধিনায়ক হামজা চৌধুরীর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ফারহান আলী ওয়াহিদের অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে আসে তৃতীয় গোল। ম্যাচের শেষ দিকে রাকিব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত হয়।

এ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে কোচ থমাস ডুলির দল। এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শেষ চারের লড়াইয়ের আগে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও করে দিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে খেলতে না পারা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে শুরু থেকেই খেলান কোচ ডুলি। চোটের কারণে ছিটকে যাওয়া বিশ্বনাথ ঘোষের জায়গায় একাদশে সুযোগ পান মোহাম্মদ ইব্রাহিম। এ ম্যাচের মধ্য দিয়েই প্রথমবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন হামজা।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের বাড়ানো বল শ্রীলঙ্কার বক্সে পৌঁছালেও তা কাজে লাগানোর মতো কেউ ছিলেন না। চতুর্থ মিনিটে রাকিবের আরেকটি আক্রমণ থেকে ফ্রি কিক পায় স্বাগতিকরা। তবে সেটি থেকে হামজার নেয়া শট লক্ষ্যে থাকেনি।

অবশেষে অষ্টম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে শমিত সোমের সামনে। প্রথম প্রচেষ্টা গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে জাল খুঁজে নিতে ভুল করেননি বাংলাদেশের এ মিডফিল্ডার। তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। বিশেষ করে ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ। তার বাড়ানো কয়েকটি বল থেকে গোলের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি সতীর্থরা। ২৬ মিনিটে রাকিবের পাস পেয়ে ব্যাকহিল শটে গোলের চেষ্টা করেন হামজা। তবে এবারও সফল হননি তিনি।

প্রথমার্ধে শ্রীলঙ্কাও পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে। ৩৮ মিনিটে ডান দিক থেকে বিপজ্জনক একটি ক্রস পাঠালেও বলের নাগাল পাননি কোনও লঙ্কান ফুটবলার। ফলে বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে তেমন কোনও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা। ৪৩ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে গতি বাড়ান তিনি। পথে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন হামজা। বল গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করে স্মরণীয় অভিষেক হলো তার। বাংলাদেশের জার্সিতে এটি হামজার পঞ্চম গোল। মজার বিষয়, তার সব কটি গোলই এসেছে জাতীয় স্টেডিয়ামে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল অব্যাহত থাকে। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের অন্যতম আকর্ষণীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান ইংল্যান্ডপ্রবাসী এ ফুটবলার। দুর্দান্ত বল নিয়ন্ত্রণে একে একে তিনজন শ্রীলঙ্কান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন তিনি। এরপর নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।

ফারহানের অসাধারণ গোল দেখে বিস্ময় প্রকাশ করেন অধিনায়ক হামজা চৌধুরীও। গোলের পর সতীর্থরা তাকে কাধে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি স্বাগতিকদের হাতে।

তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জে পড়ে শ্রীলঙ্কা। অন্যদিকে একের পর এক আক্রমণে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবলাররা। তবে ৭৬ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় সাদ উদ্দিনকে। গোড়ালিতে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয় তাকে। সতীর্থের চোটে উদ্বিগ্ন হয়ে এগিয়ে যান হামজা। পরে সাদের পরিবর্তে রহমত শাহ এবং কাজেম শাহর বদলি হিসেবে জামাল ভূঁইয়া মাঠে নামেন।

৮৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছিলো শ্রীলঙ্কা। বক্সের বাইরে থেকে সুকির নেয়া জোরালো শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। ফলে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা।

ম্যাচের শেষ দিকে নিজের নামও স্কোরশিটে লেখান রাকিব হোসেন। পুরো ম্যাচে ডান প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ তৈরি করলেও গোল কিংবা সতীর্থকে দিয়ে গোল করানোর সুযোগ পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত নিজেই বল নিয়ে এগিয়ে যান। একজন ডিফেন্ডারকে কাটিয়ে সামনে পান গোলরক্ষককে। এরপর ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন এ ফরোয়ার্ড।

রাকিবের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় পূর্ণতা পায় বাংলাদেশের। চারজন আলাদা ফুটবলারের গোল পাওয়া দলের আক্রমণভাগের কার্যকারিতারও প্রমাণ দিয়েছে। বিশেষ করে হামজার নেতৃত্ব, শমিতের গোল, ফারহানের ব্যক্তিগত নৈপুণ্য এবং রাকিবের দুর্দান্ত ফিনিশিং ম্যাচটিকে বাংলাদেশের জন্য স্মরণীয় করে তুলেছে।

সেমিফাইনালের আগে এমন বড় জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। তবে আনন্দের এ ম্যাচেও কিছুটা উদ্বেগ রেখে গেছে সাদ উদ্দিনের চোট। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তার শারীরিক অবস্থা নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে বাংলাদেশ দলকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘দোষীদের খুঁজে বের করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে’
পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, পুড়ল পাঁচ ঘর
নিষিদ্ধ আ.লীগকে তথ্য সরবরাহের অভিযোগ এসপির বিরুদ্ধে
১০ নভেম্বর ছিল বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী
সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
শীতে ত্বকের সতেজতা ধরে রাখবে ঘরোয়া যত্ন
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ
৬ হাজার ৪৭৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ
আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত