Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৪, ১১ নভেম্বর ২০২৬

হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত

হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। একই সঙ্গে তার পাসপোর্ট ও এনআইডিসংক্রান্ত বিষয়ে জানতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। প্রশ্নে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তার আবেদন প্রত্যাখ্যান করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ী এর সমাধান করা হবে। তিনি বলেন, মানুষের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকতে হয়। শেখ হাসিনার পাসপোর্টসংক্রান্ত বিষয়টিও সে ধরনের একটি কারিগরি বিষয় বলে তিনি মনে করেন।

শেখ হাসিনা একজন বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা কিংবা সমঝোতার কোনও সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে জানতে চাওয়া উচিত। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কী, তা জানানোর জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।

শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনার অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তিনি আগেও ভারতের অবস্থান জানিয়েছেন। আবারও স্পষ্ট করে বলেন, বিষয়টি আইনি এবং আইন অনুযায়ী এর সমাধান করা হবে।

এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

শেখ হাসিনার আইনজীবীদের এ উদ্যোগকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তার পক্ষ থেকে নেয়া অন্যতম স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আবেদন এবং বাংলাদেশে ফেরার বিষয়টি এখনও আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। বাংলাদেশে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও বিচারিক প্রক্রিয়া চলার পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা।

অন্তর্বর্তী সরকারের সময় প্রত্যর্পণের অনুরোধ জানানোর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়ার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সমাধান আসেনি।

এদিকে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়েছে। তবে তার দেশে ফেরার পথ কতটা সহজ হবে, তা নিয়ে রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণ প্রশ্নে আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেয়া হলেও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লি এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘দোষীদের খুঁজে বের করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে’
পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, পুড়ল পাঁচ ঘর
নিষিদ্ধ আ.লীগকে তথ্য সরবরাহের অভিযোগ এসপির বিরুদ্ধে
১০ নভেম্বর ছিল বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী
সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
শীতে ত্বকের সতেজতা ধরে রাখবে ঘরোয়া যত্ন
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ
৬ হাজার ৪৭৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ
আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত