পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু করেছে অনুষ্ঠানটির নির্মাতা ও সম্প্রচার কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনের ঘোষণা দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন মৌসুমের প্রচার।
একসময় উপস্থাপক মীরের প্রাণবন্ত সঞ্চালনায় ‘মিরাক্কেল’ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। হাস্যরস, অভিনব কৌতুক এবং প্রতিযোগীদের ব্যতিক্রমী পরিবেশনার কারণে অনুষ্ঠানটি টেলিভিশনের অন্যতম দর্শকপ্রিয় আয়োজন হয়ে উঠেছিল। শুধু দর্শকপ্রিয়তাই নয়, টিআরপির দিক থেকেও ভালো অবস্থানে ছিল অনুষ্ঠানটি।
‘মিরাক্কেল’-এর বিভিন্ন মৌসুমে অংশ নিয়ে অনেক প্রতিযোগী পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের পরিচিতি তৈরি করেছেন। কেউ অভিনয়ে, কেউ উপস্থাপনায়, আবার কেউ মঞ্চ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে নতুন প্রতিভা তুলে ধরার ক্ষেত্র হিসেবেও অনুষ্ঠানটির আলাদা পরিচিতি রয়েছে। তবে নানা কারণে গত পাঁচ বছর ধরে এর নতুন কোনো মৌসুম প্রচারিত হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মৌসুমের একটি প্রচারঝলক প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ফেরার বিষয়টি সামনে আসে। পাশাপাশি সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগ্রহী প্রতিযোগীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে মেধাবীদের নির্বাচন করা হবে। এরপর নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।
ভারতীয় গণমাধ্যমকে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন মৌসুমের প্রচার শুরু হতে পারে। তবে এবারের আয়োজনে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
আগের মৌসুমের বিচারকদের আবারও ফিরিয়ে আনার বিষয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। বিশেষ করে পরান বন্দ্যোপাধ্যায়কে নতুন মৌসুমে দেখতে চান অনেক দর্শক। এ ছাড়া আগের কয়েকটি মৌসুমের সদস্য ও মেন্টরদেরও নতুন আয়োজনে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
নতুন মৌসুমের প্রস্তুতির পাশাপাশি অনুষ্ঠান নির্মাণের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। তাঁর মতে, বর্তমান সময়ে টেলিভিশনের কোনো অনুষ্ঠানের দৃশ্য খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে বিষয়বস্তু, উপস্থাপনা ও নিয়মকানুনের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। সামান্য কোনো বিষয়ও মুহূর্তের মধ্যে আলোচনার জন্ম দিতে পারে। এতে নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তারপরও দীর্ঘ বিরতির পর ‘মিরাক্কেল’ নিয়ে আশাবাদী নির্মাতা। তাঁর প্রত্যাশা, নতুন মৌসুমেও প্রতিযোগীদের নতুনত্ব, বুদ্ধিদীপ্ত কৌতুক ও প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের আকৃষ্ট করবে। পুরোনো জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কমেডি প্রতিভাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে এবারের আয়োজন।
সবার দেশ/এফও




























