Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ২৯ জুলাই ২০২৬

শনাক্ত হলো নিহতদের পরিচয়

দক্ষিণ আফ্রিকার আগুনে পুড়লো ৬ বাংলাদেশির প্রাণ

দক্ষিণ আফ্রিকার আগুনে পুড়লো ৬ বাংলাদেশির প্রাণ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং একজন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এ মর্মান্তিক ঘটনায় দুই জেলার পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) রাতের প্রথম প্রহরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ধ্বংসস্তূপ থেকে ছয় বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয় সূত্র ও প্রবাসী বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়নের ইউপি সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার রাজিক বেপারী (৫২)।

রাজিক বেপারী দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারীর ছেলে। স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে মাত্র আড়াই মাস আগে স্বজনদের সহযোগিতায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুর সময় স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন।

নিহত আপন আহমেদের বাবা আলি মিয়া ছেলের মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সংসারের স্বচ্ছলতার আশায় বিদেশে যাওয়া ছেলে জীবিত নয়, লাশ হয়ে ফিরবে—এমন পরিণতি কখনও কল্পনাও করেননি।

এ দুর্ঘটনায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনরা দ্রুত সরকারি উদ্যোগে লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় প্রশাসন অবহিত হয়েছে। নিহতদের পরিবারের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারিভাবে যেসব সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষ হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে একসঙ্গে ছয় বাংলাদেশির প্রাণহানির এ ঘটনায় দেশে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এখন নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফনের ব্যবস্থা করার অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীতে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ, বুধবার সারা দেশে কর্মসূচি
যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ
এক সুতোয় জড়িয়ে পড়ছে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ
বলিউড অভিনেত্রী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন বাবা
রাত ১২টায় পুকুরপাড়ে এলে ফ্যামিলি কার্ড দেবো-বিএনপি নেতার বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ
সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
দক্ষিণ আফ্রিকার আগুনে পুড়লো ৬ বাংলাদেশির প্রাণ
ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মল ধস
ছাত্রদল-যুবদল হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে: সারজিস
এনসিপির পদযাত্রায় ছাত্রদল-যুবদলের হামলা
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত
হাসিনা যেখানেই নামবে, সেখানেই ফাঁসি কার্যকর হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদির তেল স্থাপনায় ইরাক থেকে ড্রোন হামলা
পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
খাল খনন শেষে কোটি টাকা কোষাগারে ফেরালেন দুই ইউএনও
প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ