এক ঘণ্টার মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বিষয়টি কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বিএফআইইউর পাঠানো ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণীসহ (স্টেটমেন্ট) বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।
এক ঘণ্টার মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
বিএফআইইউর ওই বার্তা বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো হয়। এতে সালমান মোহাম্মদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে বলা হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেয়া হয়েছে।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর চিঠিতে কারণ উল্লেখ করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে হিসাব তলবের সঙ্গে সাম্প্রতিক কোনও ঘটনার সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
হামলার পর সালমান মুক্তাদির প্রথমদিকে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। তবে পরে তিনি নিজেই জানান, তার কাছে সরাসরি চাঁদা দাবি করা হয়নি। অন্যদিকে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ওই ঘটনার পেছনে জমি-সংক্রান্ত বিরোধের কথা উঠে এসেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন বক্তব্যও রয়েছে।
এ ঘটনার পর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি থাকা কনটেন্ট নির্মাতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, বিএফআইইউর নির্দেশনার পর সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব, লেনদেন ও সংশ্লিষ্ট আর্থিক নথি সংগ্রহ ও পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে।
সবার দেশ/এমকেজে




























