Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ১ অক্টোবর ২০২৬

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ছবি: সংগৃহীত

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে তৈরি হয়েছে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ। দেশটিতে বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার শূন্য পদ রয়েছে। ইউরোপের এ দেশটিতে চাকরি খোঁজার পাশাপাশি বৈধভাবে অবস্থানের সুযোগ দিচ্ছে ‘অপরচুনিটি কার্ড’। ফলে ইউরোপে ক্যারিয়ার গড়া ও দীর্ঘমেয়াদে বসবাসের পরিকল্পনা করা দক্ষ কর্মীদের জন্য জার্মানি হয়ে উঠছে সম্ভাবনাময় গন্তব্য।

সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড আলোচনায় এ তথ্য জানান ওয়াই-অ্যাকসিসের পরিচালক ক্লিন্ট খান।

তিনি জানান, বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নে প্রায় ৩০ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে জার্মানিতেই রয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ, যা ইউরোপীয় ইউনিয়নের মোট শূন্য পদের প্রায় ২৫ শতাংশ। এতে দেশটিতে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের ব্যাপক চাহিদার বিষয়টি উঠে আসে।

জার্মানিতে দক্ষ কর্মীদের প্রবেশের অন্যতম সুযোগ হলো অপরচুনিটি কার্ড। এটি মূলত চাকরি খোঁজার জন্য দেয়া একটি আবাসিক অনুমতিপত্র। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকরা আগে থেকে চাকরির চুক্তি না থাকলেও যোগ্যতার ভিত্তিতে কাজের সন্ধানে জার্মানিতে সর্বোচ্চ ১২ মাস অবস্থান করতে পারেন।

অপরচুনিটি কার্ডের সুবিধা নিয়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার পাশাপাশি নির্দিষ্ট সীমার মধ্যে খণ্ডকালীন কাজ করার সুযোগ রয়েছে। পরবর্তীতে উপযুক্ত পূর্ণকালীন চাকরি পাওয়া গেলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট আবাসিক বা কাজের অনুমতিতে পরিবর্তনের সুযোগ রয়েছে।

এ কার্ডের জন্য আবেদনকারীরা মূলত দুইভাবে যোগ্যতা অর্জন করতে পারেন। জার্মানিতে স্বীকৃত শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা থাকলে সরাসরি যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যায়। আর নির্দিষ্ট শর্ত পূরণকারী অন্য আবেদনকারীদের জন্য রয়েছে পয়েন্টভিত্তিক ব্যবস্থা।

পয়েন্টভিত্তিক ব্যবস্থায় আবেদনকারীর স্বীকৃত একাডেমিক বা কারিগরি যোগ্যতা, পর্যাপ্ত আর্থিক সামর্থ্য, পেশাগত অভিজ্ঞতা, বয়স ও ভাষাগত দক্ষতার মতো বিষয় বিবেচনা করা হয়। এসব যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত পয়েন্ট অর্জন করতে হয়।

জার্মানিতে চাকরি পাওয়ার পর দীর্ঘমেয়াদে বসবাসের আরেকটি গুরুত্বপূর্ণ পথ হলো ইইউ ব্লু কার্ড। ক্লিন্ট খানের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত বেতনের শর্ত পূরণ করে এমন যোগ্য চাকরির প্রস্তাব পাওয়া উচ্চশিক্ষিত দক্ষ কর্মীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

ইইউ ব্লু কার্ডের মাধ্যমে জার্মানিতে কাজের পাশাপাশি স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পথও তুলনামূলকভাবে দ্রুত হতে পারে। বিদ্যমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ব্লু কার্ডধারীরা ২৭ মাস পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। আর জার্মান ভাষায় বি-১ পর্যায়ের দক্ষতা থাকলে এ সময় কমে ২১ মাস হতে পারে।

তবে অপরচুনিটি কার্ড বা ইইউ ব্লু কার্ডের ক্ষেত্রে যোগ্যতা, আর্থিক সামর্থ্য, চাকরির ধরন, বেতন ও অন্যান্য অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। তাই আবেদন করার আগে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম ও যোগ্যতার শর্ত যাচাই করা গুরুত্বপূর্ণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন