‘চাঁদা না দেয়ায়’ সালমানের স্টুডিওতে তাণ্ডব, লুটে নিলো যন্ত্রপাতি
তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন থামাতে পারবে না: সালমান মুক্তাদির
‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!...বিএনপি জোস কাজ করছে’— সালমান মুক্তাদির
এক রাতেই তছনছ স্বপ্ন! রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্টুডিওতে থাকা দামি ইলেকট্রনিক যন্ত্রপাতি, শুটিং সরঞ্জাম, কর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দাবি করা হয়েছিলো তার কাছে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা স্টুডিওতে হামলা চালান।
তবে হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মী কিংবা প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রাতের আঁধারে শতাধিক মানুষের হামলা!
স্টুডিওর এক প্রত্যক্ষদর্শী কর্মকর্তার দাবি, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক হঠাৎ স্টুডিওতে ঢুকে পড়ে। এরপর শুরু হয় তাণ্ডব।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজনের হাতে ধারালো চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিলো। আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে শৌচাগারে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সেখানেও রক্ষা হয়নি। হামলাকারীরা শৌচাগারে ঢুকে অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনায় কোনো কর্মী গুরুতর আহত না হলেও পুরো স্টুডিওজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকায় ফিরেই ধ্বংসস্তূপের সামনে সালমান
হামলার সময় ঢাকার বাইরে ছিলেন সালমান মুক্তাদির। খবর পেয়েই দ্রুত বিমানে ঢাকায় ফিরে সরাসরি স্টুডিওতে যান তিনি।
সেখানে গিয়ে যে চিত্র দেখেন, তা ক্যামেরায় তুলে ধরেন ফেসবুক লাইভে। চারপাশে ভাঙা সরঞ্জাম, তছনছ হয়ে যাওয়া স্টুডিও—সবকিছু দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
লাইভে সালমান বলেন,
একটু আগে এখানে অ্যাটাক হয়েছিলো। আর এ পুরা অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে।
এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নাম উল্লেখ করে তীব্র ব্যঙ্গ করেন তিনি।
‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ!’
সালমান মুক্তাদির বলেন,
এ ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওনার জন্য। আপনি প্লিজ কোনও টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং।
তার বক্তব্যে উঠে আসে দেশে উদ্যোক্তা ও তরুণদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন।
তিনি বলেন, বাংলাদেশে কেউ নিজের যোগ্যতায় কিছু করতে চাইলে, কারও তোষামোদ না করলে, কোনও রাজনৈতিক দলের ‘ব্যাকআপ’ না থাকলে কিংবা টাকা দিয়ে নিরাপত্তা কিনতে না পারলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
‘তোমাদের চাঁদাবাজি আমার স্বপ্ন থামাতে পারবে না’
হামলাকারীদের উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে সালমান মুক্তাদির বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন।
তিনি বলেন,
তোমাদের চাঁদাবাজি ক্যান নট টেক অ্যাওয়ে মাই ড্রিম!
তার ভাষ্য, চাঁদাবাজি ও লুটপাট করে কেউ বড় হতে পারে না। হামলায় তার স্বপ্ন ভেঙে দেয়া যাবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কান্নায় ভেঙে পড়েন কর্মীরা
হামলার পর স্টুডিওর তরুণ কর্মীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সালমান তাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।
তিনি কর্মীদের বলেন,
তোমরা কান্নাকাটি করো না। দিস ইজ নাথিং। তোমরা সালমান মুক্তাদিরকে চেনো নাই! আমি এর থেকে বড় কিছু করবো, ইনশাআল্লাহ।
তিনি ঘোষণা দেন, হামলার পরও কাজ বন্ধ হবে না।
আমরা কালকে থেকেই আবার কাজ শুরু করবো—বলেন তিনি।
এক রাতেই কোটি টাকার ক্ষতি?
স্টুডিওতে দামি শুটিং সরঞ্জাম ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ছিল। তবে মোট ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সালমান জানান, স্টুডিওতে প্রায় ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের শুটিংয়ের গুরুত্বপূর্ণ ফুটেজ ও কাজ সংরক্ষিত ছিলো। হামলা ও লুটপাটের পর সেগুলোর কী অবস্থা, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফলে শুধু স্টুডিওর সরঞ্জাম নয়, ক্লায়েন্টদের কাজের ক্ষতিও বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।
‘গ্রেট জব, সালাহউদ্দিন আহমদ!’
ভিডিওর শেষদিকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপিকে কটাক্ষ করেন সালমান মুক্তাদির।
ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন,
সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব! আই লাভ ইওর ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। বিএনপি জোস কাজ করছে।
তার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মামলা হবে, তদন্তেই বের হবে আসল রহস্য
সালমান মুক্তাদির জানিয়েছেন, হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা করা হবে।
মামলা ও তদন্তের পরই জানা যাবে—হামলায় কারা অংশ নিয়েছিলো, হামলার পেছনে প্রকৃত কারণ কী, চাঁদা দাবির ঘটনা সত্য কি না এবং লুট হওয়া মালামালের কী পরিণতি হয়েছে।
সবার দেশ/এমকেজে




























