Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ১ অক্টোবর ২০২৬

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ছবি: সংগৃহীত

কার্যালয়ে অস্ত্রধারীদের হামলার পর নিরাপত্তা দাবি করায় রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার পরিবর্তে তাকে সোশ্যাল মিডিয়ায় নোংরা প্রচারণা, পরিবারকে টেনে আক্রমণ এবং আর্থিক নথি তদন্তের নামে হয়রানি করা হচ্ছে।

ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, 

পুরো রাষ্ট্র, তার বিভিন্ন সংস্থা, নিউজ চ্যানেল, টিভি চ্যানেল, নিউজ পোর্টাল, মিডিয়া সেল, সংবাদকর্মী, পেজ এবং রাজনৈতিক নেতাকর্মীরা এক হয়ে যেভাবে গত কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে দলবদ্ধভাবে লেগে পড়েছেন, এ শক্তি ও সম্পদ যদি দেশের ভালোর জন্য মাত্র একটি দিনও কাজে লাগানো হতো, তবে হয়তো বাংলাদেশ এক দিনের জন্যই অপরাধমুক্ত দেশে পরিণত হতে পারতো।

কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, সাধারণ নাগরিক হিসেবে কথা বলার কারণেই তার ওপর এমন চাপ তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

মামলা না হওয়ার প্রসঙ্গ তুলে সালমান মুক্তাদির বলেন, চট্টগ্রাম থেকে নির্ঘুম অবস্থায় সরাসরি থানায় গিয়ে দীর্ঘ সময় ব্যয় করে বিস্তারিত তথ্য দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরও কেন মামলা হয়নি, সে জবাব প্রশাসনের দেয়া উচিত। তার অভিযোগ, বিচার পাওয়ার বদলে বিষয়টিকে গণমাধ্যমে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে।

জুলাইয়ের গণআন্দোলনে কারও সঙ্গে এক কাতারে থেকে লড়াই করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলছেন তারা জুলাইয়ের গণআন্দোলনে আমার সঙ্গে এক কাতারে থেকে লড়াই করেছেন। কিন্তু বিষয়টি পুরোপুরি ভুল। আমরা কখনোই একসঙ্গে লড়াই করিনি। আপনারা করেছেন দলীয় স্বার্থে, আর আমার কোনও দল ছিলো না। আমি দাঁড়িয়েছিলাম মানুষের জন্য, নিজের জন্য ও দেশের জন্য।

হামলার ভয়াবহতা তুলে ধরে সালমান বলেন, রাজধানীর ভেতরে তার কর্মস্থলে, যেখানে রাতে তার স্ত্রী-সন্তানরা সময় কাটান এবং সহকর্মীরা কাজ করেন, সেখানে অস্ত্রশস্ত্র হাতে একাধিক ট্রাকে করে মুখোশধারী দুর্বৃত্তরা এসে প্রকাশ্য দিবালোকে তাণ্ডব চালিয়েছে। তার অভিযোগ, অপরাধের বিচার চাওয়ার পরিবর্তে তার মানসিক প্রতিক্রিয়া, অবস্থান ও দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তাকে ভিকটিম ব্লেমিংয়ের শিকার করা হচ্ছে।

আর্থিক নথি তলবের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সালমান মুক্তাদির বলেন, ভয়েস রেইজ করার পরই হঠাৎ করে ব্যাংক হিসাব তলবের প্রয়োজনীয়তা দেখা দিলো কেনো? ব্যাংক হিসাব, চুক্তিপত্র, আর্থিক লেনদেন, অংশীদারিত্ব বা অফিস ভাড়ার দলিল—প্রয়োজনীয় যা কিছু চাওয়ার অধিকার আপনাদের আছে, তলব করুন; সবকিছু নিয়মতান্ত্রিক রয়েছে।

তিনি আরও বলেন, সাবেক সরকারকে ফ্যাসিবাদ বলে আখ্যা দেয়া হলেও বর্তমান পরিস্থিতিতেও সরকারের সমালোচনা করা, নিরাপত্তা চাওয়া কিংবা প্রশ্ন তোলার অধিকার সংকুচিত হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। তার ভাষ্য, 

এভাবে কোনও ভুক্তভোগীকে হেনস্তা করা হলে ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে কথা বলা বা দেশের পক্ষে অবস্থান নেয়ার ক্ষেত্রে মানুষ ভয় পেতে পারে।

এর মধ্যে সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণ চেয়ে দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে জরুরি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো নির্দেশনায় তার হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য, ব্যাংক বিবরণী, অর্জিত সুদের আয় ও উৎসে করের নথিসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। নির্দেশনায় এক ঘণ্টার মধ্যে জরুরি ভিত্তিতে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে একদল দুর্বৃত্ত ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার পর ধারণ করা একটি ব্যঙ্গাত্মক ভিডিওতে তিনি সরকারের প্রতি ইঙ্গিত করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

শুরুতে হামলার পেছনে চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে সালমান মুক্তাদির জানান, তার কাছে কোনও চাঁদা চাওয়া হয়নি। ঘটনার পর সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

এর পর তার ব্যাংক হিসাব তলব এবং সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি সমালোচনার মধ্যে বুধবার দীর্ঘ ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন সালমান মুক্তাদির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন