ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে সৃষ্ট আগুন চার দিনেও নেভেনি। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আগুনের উৎসস্থলের চারপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক পর্যবেক্ষণে ইনানীতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বিষয়টি নিশ্চিত হতে আগামী ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির জানান, প্রাথমিক পর্যবেক্ষণে সেখানে গ্যাসক্ষেত্র থাকার সুনির্দিষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জোর করে আগুন নেভানোর চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আগামী ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে আগুন স্বাভাবিকভাবে নিভে না গেলে গ্যাস নির্গমনের পথ সিল করার ব্যবস্থা নেয়া হবে। বাপেক্সের নিজস্ব সক্ষমতায় এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মোহাম্মদ শোয়েব জানান, রাতের বেলায় আগুনের শিখায় কালচে ভাব দেখা গেছে। এ থেকে সেখানে খনিজ তেলের উপস্থিতি থাকার সম্ভাবনাও তারা বিবেচনায় নিচ্ছেন।
এদিকে, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ইনানীর আগুনের উৎসস্থলের চারপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের স্বাক্ষরিত আদেশে আগুনের চারপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ এলাকায় আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে, এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি মেরিন ড্রাইভ থেকে ঘটনাস্থলে যাওয়ার সংযোগকারী দুটি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এর আগে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিলো। বর্তমানে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইনানীতে মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় গভীর নলকূপ খননের সময় হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা চার দিন ধরে আগুন জ্বলছে।
বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভ থেকে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকা অবস্থায় তড়িঘড়ি করে আগুন নেভানোর চেষ্টা বিপজ্জনক হতে পারে। এতে ভূগর্ভে আগুন ছড়িয়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ না করে আগুন নেভানোর উদ্যোগ নেয়া হচ্ছে না।
সব মিলিয়ে ইনানীর এ ঘটনা এখন একদিকে জননিরাপত্তার উদ্বেগ, অন্যদিকে নতুন জ্বালানি সম্পদ আবিষ্কারের সম্ভাবনা তৈরি করেছে। আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বাপেক্সের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে সেখানে নতুন গ্যাসক্ষেত্রের অস্তিত্ব নিশ্চিত হওয়ার বিষয়টি।
সবার দেশ/কেএম




























