স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
দীর্ঘ সাত দশকের জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর একদিন পরই হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী এ সাবেক প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে নেয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।
সুফি ইউসুফ জানান, স্ত্রীকে হারানোর পর মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি। এতে তিনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি বলেন, মাহাথিরের বর্তমান অবস্থা স্থিতিশীল।
তিনি জানান, মানসিক চাপ, গরম আবহাওয়া ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে মাহাথির ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সে এ ধরনের পরিস্থিতি তার জন্য ভালো নয় বলেও উল্লেখ করেন তিনি।
মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী ছিলেন পেশায় চিকিৎসক। জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সোমবার ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়।
দীর্ঘ প্রায় ৭০ বছরের দাম্পত্য জীবনে মাহাথির ও সিতি হাসমাহর সাত সন্তান রয়েছে। স্ত্রীকে হারানোর পরপরই মাহাথিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি দেশটির গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ এ সাবেক প্রধানমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগজনিত সমস্যার কারণে তার বাইপাস সার্জারিও হয়েছিলো। চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে হাড় ভাঙার পরও তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিলো।
১০১ বছর বয়সী মাহাথির বর্তমানে মালয়েশিয়ার সবচেয়ে প্রবীণ জীবিত সাবেক প্রধানমন্ত্রীদের একজন এবং দেশটির রাজনীতিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি প্রথমবার ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন এবং টানা ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি বয়সে সরকারপ্রধান হওয়ার নজির গড়েন। দ্বিতীয় দফায় তিনি ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সবার দেশ/এমকেজে




























