রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে একজন আহত হয়েছেন। এতে একটি আবাসিক ভবন ও একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে। এ খবর পাওয়ার পর উদ্ধার ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
মুখপাত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনায় একজন আরব নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসাবশেষের আঘাতে একটি আবাসিক ভবন ও একটি গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের দায়ী করা হলেও হামলার বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাইয়ের সুযোগ পাওয়া যায়নি।
এদিকে গত এক সপ্তাহে সৌদি আরবে হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার ঘটনায় ১৩ জন নিহত হওয়ার তথ্য দেয়া হয়েছে।
ধারাবাহিক এসব হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবন নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ জনবসতিপূর্ণ এলাকায় পড়ে হতাহতের ঘটনা ঘটায় নিরাপত্তাঝুঁকি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সবার দেশ/কেএম




























