অমুসলিম ধনী বিদেশিদের নতুন সুযোগ
সৌদিতে মদ বিক্রি শুরু, রিয়াদে লম্বা লাইন
সৌদি আরবে দীর্ঘ দশক ধরে প্রচলিত থাকা অ্যালকোহল নিষেধাজ্ঞার বাস্তব চিত্র বদলে যাচ্ছে। কাগজে-কলমে দেশটিতে মদ্যপান ও মদ কেনা–বেচা এখনও নিষিদ্ধ থাকলেও বাস্তবে এর কঠোরতা ঢিলেঢালা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো অমুসলিম ধনী বিদেশি নাগরিকদের জন্য আনুষ্ঠানিকভাবে মদ কেনার অনুমতি দিলো সৌদি কর্তৃপক্ষ।
গত বছর রিয়াদে কূটনৈতিক এলাকায় প্রতিষ্ঠিত হয় সৌদির প্রথম ও একমাত্র সরকারি অনুমোদিত লিকার শপ। শুরুতে দোকানটি ছিলো কেবল বিদেশি কূটনীতিকদের জন্য। কিন্তু সম্প্রতি ধনসম্পদ, আয় ও ভিসা স্ট্যাটাস বিবেচনায় অ–কূটনীতিক অমুসলিম বিদেশিদের জন্যও দুয়ার খুলে দেয়া হয়েছে। এতে দোকানের সামনে প্রতিদিনই দেখা যাচ্ছে বিদেশিদের গাড়ির লম্বা লাইন।
এএফপি ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মের আওতায় মদ কিনতে হলে ক্রেতাকে অমুসলিম, বিদেশি নাগরিক এবং মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার সৌদি রিয়াল— প্রায় ১৩ হাজার ৩০০ মার্কিন ডলার— হতে হবে। এছাড়া দেশের প্রিমিয়াম ভিসাধারীরাই কেবল এ সুযোগ পাচ্ছেন। সৌদিতে বর্তমানে এমন ভিসাধারীর সংখ্যা ১২ হাজার ৫০০ জনেরও বেশি।
রিয়াদের সে দোকান থেকে মদ কেনা এক বিদেশি এএফপিকে জানিয়েছেন, তারা প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে সৌদিতে সত্যিই মদ বিক্রি শুরু হয়েছে। দোকানে ঢুকে নিয়মিত সিকিউরিটি চেকিং পেরোনোর পর তারা অবশেষে মদ কিনতে সক্ষম হন। আরেকজন বিদেশি জানান, মদ কেনার বিষয়টি তিনি বন্ধুদের জানানোর পর তারাও হতবাক হয়ে যান।
সৌদিতে মদ নিষিদ্ধ হওয়া নতুন বিষয় নয়। ইসলাম ধর্মে অ্যালকোহল হারাম হলেও সৌদিতে ১৯৫২ সাল পর্যন্ত মদের দোকান ছিলো। পরে সে বছর সরকার মদ্যপান ও মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করে। তবে ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর দেশটির অর্থনৈতিক কাঠামোকে বৈচিত্র্যময় করতে একের পর এক ঘোষিত হয় সংস্কার। তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগকে আকর্ষণীয় করতে নেয়া হয় নানা উদ্যোগ— যার অংশ হিসেবেই ধনী বিদেশিদের জন্য মদের দোকানের অনুমতি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সরকারি সূত্র জানায়, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানে আরও দুটি অনুমোদিত লিকার শপ খোলার পরিকল্পনা রয়েছে।
বিশ্বের সবচেয়ে রক্ষণশীল ইসলামী রাষ্ট্র সৌদিতে এ পরিবর্তনকে বড় ধরনের নীতিগত রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্মুক্তকরণের যে ধারায় এগোচ্ছে, মদ কেনার এ অনুমতি তারই আরেকটি নতুন অধ্যায়।
সবার দেশ/কেএম




























