Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১৬ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ছবি: সংগৃহীত

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কর্মসূচিতে কারা অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন, আর কোন শর্তে বাদ পড়বেন—তা নিয়ে নিম্নআয়ের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভান্ডার নির্দেশিকা, ২০২৬’-এর বরাতে দেয়া তথ্য অনুযায়ী, হতদরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসচ্ছল নারীপ্রধান পরিবারকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। তবে নির্দিষ্ট আট ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন পরিবার ও ব্যক্তি ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না।

কর্মসূচির খসড়া প্রণয়ন ও উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। প্রকৃত অভাবী পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং তালিকা তৈরিতে স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালায় কিছু বর্জনীয় শর্ত রাখা হয়েছে।

ফ্যামিলি কার্ড পাবেন না যেসব ৮ শ্রেণির পরিবার

১. নির্ধারিত আয়ের চেয়ে সচ্ছল পরিবার

সরকার নির্ধারিত প্রক্সি মিনস টেস্টের (পিএমটি) স্কোরের ঊর্ধ্বসীমা অতিক্রম করা সচ্ছল, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবার এ সুবিধা পাবে না।

২. সরকারি চাকরিজীবী পরিবার

পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা পেলে ওই পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না। একইভাবে, তিনি এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলেও এ সুবিধার আওতায় আসবেন না।

৩. পেনশনভোগী পরিবার

পরিবারের মনোনীত নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা অবসরকালীন সুবিধা পেলে ওই পরিবার ফ্যামিলি কার্ড পাবে না। তবে প্রতিবন্ধী সন্তানের জন্য পাওয়া বিশেষ পেনশনের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

৪. নির্দিষ্ট সীমার বেশি আর্থিক আমানত থাকা পরিবার

পরিবারের কোনো সদস্যের নামে সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে ওই পরিবার এ সুবিধা পাবে না। একইভাবে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো সদস্যের নামে পাঁচ লাখ টাকার বেশি স্থায়ী আমানত বা সঞ্চয় থাকলেও পরিবারটি বাদ পড়বে।

৫. মোটরযানের মালিক পরিবার

পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি, জিপ, পিকআপ, মাইক্রোবাস, বাস, ট্রাক ও সিএনজিচালিত তিন চাকার যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে।

৬. বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসার লাইসেন্স থাকা পরিবার

পরিবারের কোনও সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকলে অথবা বাণিজ্যিকভাবে নিবন্ধিত হালনাগাদ লাইসেন্স বা ব্যবসা থাকলে ওই পরিবার এ সুবিধা পাবে না।

৭. করযোগ্য আয় থাকা আয়করদাতার পরিবার

পরিবারের কোনো সদস্য নিয়মিত আয়কর দিলে এবং তার করযোগ্য আয় থাকলে ওই পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বাদ পড়বে।

৮. নির্ধারিত সীমার বেশি জমির মালিক পরিবার

বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এ ছাড়া পরিবারের অকৃষি বা বাণিজ্যিক জমির বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি হলেও এ সুবিধা দেয়া হবে না।

ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন কারা?

নীতিমালা অনুযায়ী, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার কথা রয়েছে। বিশেষ করে গ্রামীণ হতদরিদ্র, উপার্জনে সক্ষম সদস্যহীন পরিবার, ভূমিহীন কৃষিশ্রমিক ও দিনমজুর পরিবারকে গুরুত্ব দেয়া হবে।

নারীপ্রধান অসচ্ছল পরিবারের মধ্যে বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্ত নারীর পরিবার অগ্রাধিকার পেতে পারে। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে—এমন পরিবারকেও বিবেচনায় নেয়া হবে।

শিশু, প্রতিবন্ধী বা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সদস্য রয়েছে—এমন পরিবারও অগ্রাধিকার তালিকায় আসতে পারে। এ ছাড়া প্রত্যাগত অভিবাসী, বিশেষ করে নারী অভিবাসী সদস্য থাকা পরিবারকে বিবেচনার সুযোগ রয়েছে।

কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারও অগ্রাধিকার পেতে পারে। যেসব পরিবারের ঘরের দেয়াল মাটি, বাঁশ বা পাটকাঠি দিয়ে তৈরি, সেসব পরিবারকে বিবেচনায় নেয়া হবে। বসতভিটা ও কৃষিজমি নেই, কিন্তু কৃষিনির্ভর—এমন পরিবারও ভূমিহীন হিসেবে বিবেচিত হতে পারে। এ ছাড়া সর্বোচ্চ ১০ শতাংশ বসতভিটা রয়েছে, কিন্তু কৃষিজমি নেই—এমন পরিবারও নীতিমালার শর্ত অনুযায়ী বিবেচিত হবে।

তবে এসব বৈশিষ্ট্য থাকলেই ফ্যামিলি কার্ড পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থা, নির্ধারিত যোগ্যতা, তথ্য যাচাই এবং বাদ পড়ার শর্ত পর্যালোচনা করেই চূড়ান্ত উপকারভোগীর তালিকা তৈরি করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ