Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২৫ অক্টোবর ২০২৬

এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ

এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও শক্তিশালী করতে দল পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে নেতৃত্ব। আসন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে দলটি নতুন করে সংগঠন গোছাতে চায়। একই সঙ্গে দল থেকে পদত্যাগ করা সাবেক নেতাদের ফিরিয়ে আনারও চেষ্টা চলছে। তবে প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও খালেদ সাইফুল্লাহর মতো নেতারা ফিরবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দলীয় সূত্রের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা তরুণ, প্রতিশ্রুতিশীল ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের সামনে রেখে সংগঠনকে নতুনভাবে সাজাতে চায় এনসিপি। কেন্দ্রীয় কমিটিতে সাম্প্রতিক রদবদলের মধ্য দিয়ে সে প্রক্রিয়া শুরু হয়েছে। এখন ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং নতুন নেতৃত্বকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।

এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দল ছেড়ে যাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে আগ্রহ রয়েছে নেতৃত্বের। তাদের যথাযথ মর্যাদা দিয়ে ফিরিয়ে আনা গেলে সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা। তবে পদত্যাগী নেতাদের কেউ কেউ এখনই এনসিপিতে ফেরার বিষয়ে আগ্রহী নন।

জামায়াতের সঙ্গে জোটই দূরত্বের কারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি ঐক্য গঠন নিয়ে এনসিপির অভ্যন্তরে মতবিরোধ তৈরি হয়। দলটির কয়েকজন নেতা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাদের আপত্তির অন্যতম কারণ ছিলো একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা এবং এ বিষয়ে দলটির ক্ষমা না চাওয়ার প্রশ্ন।

তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা তৈরি হয়েছিলো, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট সে লক্ষ্য থেকে এনসিপিকে দূরে সরিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহদের নেতৃত্বে এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্যে অংশ নেয়। নির্বাচনে দলটি ছয়টি আসনে জয় পায়।

জোটের সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া মতবিরোধের পর দলটির কয়েকজন পরিচিত ও সম্ভাবনাময় নেতা পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতাকর্মী দল থেকে সরে যান। সে সময় সামান্তা শারমিনসহ কয়েকজন শীর্ষ নেতার দল ছাড়ার সম্ভাবনা নিয়েও আলোচনা তৈরি হয়েছিলো। তবে তারা শেষ পর্যন্ত এনসিপিতে থেকে যান।

পুনর্গঠিত কমিটিতে রদবদল

তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। আগের ২১৭ সদস্যের কমিটি পুনর্গঠন করে ১৯৬ সদস্যে নামিয়ে আনা হয়েছে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। একই সঙ্গে মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্রের মতো পদ বিলুপ্ত করে সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে।

নতুন কমিটিতে কয়েকজন নেতার পদোন্নতি হয়েছে, আবার কয়েকজনের পদমর্যাদায় পরিবর্তন এসেছে। সামান্তা শারমিনকে আগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাকে দলের রাজনৈতিক পরিষদ থেকেও বাদ দেয়া হয়েছে। আরিফুল ইসলাম আদীবকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে রাজনৈতিক পরিষদে তার অবস্থান বহাল রয়েছে। আগের কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে থাকা নাহিদা সারোয়ার নিভাকেও নতুন কমিটিতে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

এসব পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি এনসিপি। দলীয় সূত্রের দাবি, সাংগঠনিক কাঠামো পরিবর্তন এবং বিভিন্ন পদ বিলুপ্তির কারণে দায়িত্ব বণ্টনে এ সমন্বয় আনা হয়েছে।

এ বিষয়ে আরিফুল ইসলাম আদীবের বক্তব্য, বিষয়টিকে পদাবনতি হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, আগে সাংগঠনিক কাঠামোতে মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়কসহ বিভিন্ন পদ ছিলো। নতুন কাঠামোয় সেসব পদ বিলুপ্ত হওয়ায় দায়িত্বের ধরন বদলেছে। তার দাবি, সাংগঠনিক অবস্থানের দিক থেকে তিনি আগের অবস্থানেই রয়েছেন।

পদত্যাগীদের জন্য খোলা দরজা

পদত্যাগী নেতাদের ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির নেতৃত্বের আগ্রহের কথা জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও। এর আগে তিনি বলেছিলেন, দল ছেড়ে যাওয়া নেতাদের কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন ও সংগ্রাম করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, তাদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হতে পারে।

দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনসিপিকে আরও শক্তিশালী করার কাজ চলছে। যারা দল ছেড়ে গেছেন, তাদেরও ফেরানোর চেষ্টা করা হবে। পাশাপাশি নতুন নেতাকর্মীদের যুক্ত করে সংগঠন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ওই নেতার মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির অনেক প্রার্থী তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি না থাকায় সমস্যায় পড়েছিলেন। ভবিষ্যতে এ দুর্বলতা কাটিয়ে উঠতে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। বিশেষ করে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়ার লক্ষ্য রয়েছে দলটির।

পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ সম্পর্কে আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের সবার জন্য এনসিপির দরজা খোলা। তাদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চান তারা। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে সাবেক সহকর্মীদের ফিরে আসার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ফিরছেন না তাজনূভা জাবীন

এনসিপিতে ফেরার বিষয়ে আপাতত নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। তিনি বর্তমানে ‘অলটারনেটিভস’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। সেখানে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি।

এনসিপিতে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তাজনূভা জাবীন বলেন, আমি তো একটা প্ল্যাটফর্মে আছিই। অলটারনেটিভস। শিগগিরই বড় আকারে আমরা সাংগঠনিক শক্তি প্রকাশ করবো। অলটারনেটিভসকে আমরা নিজ পায়ে দাঁড় করাতে চাই। এনসিপিতে ফিরে আসতে চাই না।

নতুন সংগঠন গড়ে তোলার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক সংগঠন দাঁড় করানো কঠিন হলেও অসম্ভব নয়। অলটারনেটিভসকে শক্তিশালী করতে তারা সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপির সঙ্গে দূরত্ব তৈরির কারণ ব্যাখ্যা করে তাজনূভা জাবীন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণেরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়িত হয়নি বলে তিনি মনে করেন। তার ভাষ্য, নতুন রাজনৈতিক বিকাশের জন্য এনসিপিকে আর কার্যকর মাধ্যম বলে মনে হচ্ছে না। জামায়াতের সঙ্গে ঐক্য করে দলটি কীভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবে, সে প্রশ্নও তোলেন তিনি।

তাজনূভা জাবীনের এ বক্তব্য থেকে আপাতত এনসিপিতে ফেরার আগ্রহ না থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।

তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর অবস্থান কী?

এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা দল ছাড়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি জয়ী হতে পারেননি। অন্যদিকে খালেদ সাইফুল্লাহ নির্বাচনে অংশ নেননি।

তাজনূভা জাবীন যেখানে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার কাজে যুক্ত হয়েছেন, সেখানে তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এখন পর্যন্ত অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিয়েছেন কিংবা নতুন কোনও সংগঠন গঠন করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি। তাসনিম জারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

তবে তারা দুজনই এনসিপিতে ফিরবেন কি না, সে বিষয়ে তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তাসনিম জারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। খালেদ সাইফুল্লাহর পক্ষ থেকেও এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সাংগঠনিক শক্তি বাড়ানোই এখন লক্ষ্য

এনসিপির সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ—একদিকে দল ছেড়ে যাওয়া পরিচিত নেতাদের সঙ্গে দূরত্ব কমানো, অন্যদিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করা। কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি এবং স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনা করছে দলটি।

তবে পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করছে তাদের রাজনৈতিক অবস্থান, দলীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক এবং জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য দূর হওয়ার ওপর।

তাজনূভা জাবীন আপাতত এনসিপিতে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন। অন্যদিকে তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর অবস্থান এখনও স্পষ্ট নয়। ফলে এনসিপির দরজা খোলা রাখার ঘোষণা থাকলেও পদত্যাগী নেতাদের সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক