সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার নিবিড় পর্যবেক্ষণে বহুমুখী চিকিৎসা চলছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বিএনপির আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালে গিয়ে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
একই দিন বিকেলে মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
হাসপাতালে মঈন খানের চিকিৎসার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার চিকিৎসায় একাধিক বিভাগের সমন্বয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ, পরীক্ষার ফলাফল এবং পরবর্তী চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























