Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৭ মার্চ ২০২৬

গুজবে কাঁপলো উত্তরা

রিকশাচালক ‘হত্যা’ গুজবে শপিং মলে ভাঙচুর, গ্রেফতার ১২

রিকশাচালক ‘হত্যা’ গুজবে শপিং মলে ভাঙচুর, গ্রেফতার ১২
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে পড়ার জেরে একটি শপিং মলে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মল-এ এ তাণ্ডবের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শপিং মলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক রিকশাচালকের কথা-কাটাকাটি থেকে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তাকে মলের ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে—এমন একটি গুজব দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

গুজব ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক রিকশাচালক সেখানে জড়ো হন। তারা ক্ষোভ প্রকাশ করে শপিং মলের ভেতরে ও সামনে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক দফা চেষ্টা চালান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি উত্তেজিত রিকশাচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে সোমবার সকালেও এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদ জানান, বিপণিবিতানের সামনে রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছিলো।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ পর ওই রিকশাচালক সুস্থ অবস্থায় সেখান থেকে চলে যান। মূলত ভিত্তিহীন একটি হত্যার গুজব ছড়িয়ে পড়ার কারণেই এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শপিং মলের মালিক পক্ষ থেকেও আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে বিক্ষুব্ধ রিকশাচালকদের দাবি ছিলো, তাদের এক সহকর্মীকে মলের ভেতরে আটকে রেখে হত্যা করা হয়েছে। তবে কথিত ওই নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ফলে পুলিশ বলছে, ঘটনাটি পুরোপুরি গুজবের ওপর ভিত্তি করেই ঘটেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল