থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর মুক্তি পাওয়া ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন। ইমিগ্রেশন কাউন্টারে তার পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত তথ্য যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।
তবে তার বিদেশযাত্রার গন্তব্য নিয়ে বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যে থাইল্যান্ড যাওয়ার কথা উল্লেখ থাকলেও ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
ঢাকার অপরাধজগতের একসময়ের আলোচিত নাম সুইডেন আসলাম দীর্ঘদিন কারাগারে ছিলেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন তিনি। এরপর প্রায় ১৯ বছর কারাভোগ করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান সুইডেন আসলাম। দীর্ঘ কারাবাস শেষে মুক্ত জীবনে ফেরার পর এবার বিদেশযাত্রার সময় বিমানবন্দরে তাকে আটক করা হলো।
তার গ্রেফতারের ঘটনায় রাজধানীর অপরাধজগতের পুরোনো আলোচিত ব্যক্তিদের নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা, গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তারিত বক্তব্য এখনও জানা যায়নি।
সবার দেশ/এমকেজে




























