Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী

সড়কে হাঁটুপানি-কোমরপানি, দোকানে পানি ঢুকে ক্ষতি; ড্রেনেজ অব্যবস্থাপনায় ক্ষোভ

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা ভারি বৃষ্টি ও দমকা বাতাসে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে রাজধানীর মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, মালিবাগ, মতিঝিল, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়।

ভোরের বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক-অলিগলি

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় ক্ষণে ক্ষণে বজ্রপাতও ঘটে। পরে বাতাসের তীব্রতা কিছুটা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে। দীর্ঘ সময়ের ভারি বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও সড়কের ওপর পানি জমে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ে। পানি জমে থাকায় যানবাহন চলাচলের গতিও কমে যায়। অনেককে বিকল্প পথ ব্যবহার করতে দেখা যায়।

দোকানে পানি, ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা

মানিকনগরের ব্যবসায়িক এলাকার বেশ কিছু দোকানে বৃষ্টির পানি ঢুকে পড়ে। এতে ব্যবসায়ীরা পণ্য ও মালামাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি বিভিন্ন দোকানে প্রবেশ করে। এতে দোকানদারদের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। আকস্মিক জলাবদ্ধতায় পণ্য নষ্ট হওয়া ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আরামবাগ থেকে কাকরাইল, দুর্ভোগে যাত্রীরা

আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। রিকশা ও গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

জলাবদ্ধতার সুযোগে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগও ওঠে। ফলে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে বাড়তি ভোগান্তি ও ব্যয়ের মুখে পড়তে হয়।

‘পানিতে প্যাডেল মারা যায় না’

মতিঝিলের রিকশাচালক মোতালেব হোসেন বলেন, পানি এতো বেশি যে প্যাডেল মারা যায় না। আবার কোথাও সড়কে গর্ত রয়েছে কি না, সেটিও বোঝা যায় না।

তার ভাষ্য, জলাবদ্ধ সড়কে রিকশা চালাতে গিয়ে চালকদের একদিকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।

গোড়ান এলাকার বাসিন্দা মো. সোহাগ বলেন, এক ঘণ্টা অপেক্ষা করেও রিকশা পাইনি। পেলেও স্বাভাবিক ভাড়ার দ্বিগুণের বেশি চাওয়া হয়েছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে চলাচল কঠিন হয়ে পড়ায় কর্মস্থল ও প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছাতে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ড্রেনেজ অব্যবস্থাপনাকে দায়ী করছেন বাসিন্দারা

রাজধানীর জলাবদ্ধতার জন্য স্থানীয় বাসিন্দারা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না।

গোড়ান রোডের বাসিন্দা তানজিল হোসেন বলেন, ছোটবেলা থেকেই এ এলাকায় জলাবদ্ধতা দেখে আসছি। বড় বড় পাইপ বসানো হলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পাইপে জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা কার্যকর না থাকায় সামান্য ভারি বৃষ্টিতেই সড়ক ও আশপাশের এলাকা পানিতে ডুবে যায়।

আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, নতুন ড্রেন নির্মাণ করেই অনেক ক্ষেত্রে দায়িত্ব শেষ করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এবং খোলা ডাস্টবিনের বর্জ্য পাইপলাইনে জমে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়।

দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের দাবি

স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধ পানি নিষ্কাশনের পাশাপাশি রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, নতুন নালা ও পাইপলাইন নির্মাণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন অবকাঠামোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে ভারি বৃষ্টিতে একই ধরনের দুর্ভোগ কমাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী