Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ২৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৩ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী।

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন রাজনৈতিক দলের সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে সংলাপের স্থায়িত্ব, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ কার্যকর করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্ব দূর করার বিষয়ে দলগুলোর নিজস্ব পর্যবেক্ষণ ও শর্ত রয়েছে।

প্রধানমন্ত্রীর আহ্বানে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো এবং জামায়াতে ইসলামী নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ঐক্যের ভিত্তি কী হবে, সরকারের অঙ্গীকার কতটা বাস্তবায়িত হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট কীভাবে দূর করা হবে—এসব প্রশ্ন আলোচনায় গুরুত্ব পেতে পারে।

আজ যমুনায় এনসিপির সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এনসিপি এ আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে।

তবে বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি জাতীয় ঐক্যের ভিত্তি ও স্থায়িত্ব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় দলটি। এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে এ ঐক্য যেন ধারাবাহিক ও টেকসই হয়, সেটিই তাদের প্রত্যাশা।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিক ঐক্য রয়েছে। নতুন করে ঐক্যের প্রয়োজন দেখা দেয়ার অর্থ, সে ঐক্যের কোথাও না কোথাও ফাটল তৈরি হয়েছে। কেনো এ দূরত্ব তৈরি হলো, তা অনুসন্ধান করা জরুরি। একই সঙ্গে জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি থাকা প্রয়োজন।

এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদ সূত্রে জানা গেছে, সোমবারের বৈঠকে দলটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে জাতীয় ঐক্যের ভিত্তি নির্ধারণ, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা এবং জুলাই গণহত্যার বিচারকে ঐক্যের অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।

এ ছাড়া গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং এনসিপির ঘোষিত পাঁচ দফা দাবি নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। জুলাই গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেসব কারণে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো পর্যালোচনার প্রস্তাবও দেয়া হতে পারে।

বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে। বৈঠকে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার পরিকল্পনাও রয়েছে এনসিপির।

জামায়াতের প্রস্তাব গণভোটের রায় বাস্তবায়ন

জাতীয় ঐক্যের আহ্বানকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জামায়াতের নেতাদের সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দুটি প্রস্তাব তুলে ধরেন। এর একটি হলো সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং অন্যটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা।

ডা. শফিকুর রহমানের মতে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত শক্তি আবারও রাজপথে নাশকতা চালানোর চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর উদ্যোগকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় ঐক্যের মূল ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, দলের আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা। তিনি ফিরলে ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।

সহিংসতা নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৎপরতার পাশাপাশি মাঠপর্যায়ে সহিংসতার ঘটনাও ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের স্থাপনা ও থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। সংসদ সদস্য এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান সেলিম ও কে এম বাবরের বাড়িঘরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব সহিংসতায় বিএনপির তিন নেতা ও দুই বাসচালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

এ পরিস্থিতিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। নাশকতা প্রতিহত করতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।

একই দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওই দিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। জামায়াত সূত্রের দাবি, বৈঠকে রাজনৈতিক ঐক্য ও সংলাপের বিষয়েও আলোচনা হয়েছে।

যুগপৎ আন্দোলনের শরিকদের সমর্থন

প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও। তাদের মতে, রাজনৈতিক আদর্শ, নীতি ও কৌশলগত বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। তবে জাতীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে সব দলের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন।

তারা মনে করেন, দেশের বর্তমান অর্থনৈতিক চাপ, ভূরাজনৈতিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ নাশকতা মোকাবিলা কোনো একক দলের পক্ষে সহজ নয়। এ অবস্থায় সরকারপ্রধানের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও সহযোগিতা চাওয়ার উদ্যোগ দলগুলোর মধ্যে দূরত্ব ও অবিশ্বাস কমাতে সহায়ক হতে পারে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক নানা ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। তবে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবার ঐক্য থাকা জরুরি।

তিনি বলেন, এর আগেও তারা ২০ জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ৪ আগস্ট একটি অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিলো, যেখানে প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শুনেছেন। নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার উদ্যোগ ইতিবাচক।

সাইফুল হক আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় এবং ভয়াবহ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের সংকট মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণই সন্ত্রাস ও নাশকতার জবাব দেবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ইতিবাচক। পাশের দেশ থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং নানা ধরনের উসকানি দেয়া হচ্ছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার হলে দেশ পরিচালনাও সহজ হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তারা এখনও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলা যাবে।

বিএনপি নেতারা যা বলছেন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন, তাদের সঙ্গে বিএনপির বরাবরই ঘনিষ্ঠতা রয়েছে। সরকার গঠনের আগে ও পরে একাধিকবার এসব দলের সঙ্গে বৈঠক ও আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন করে সংলাপের উদ্যোগ নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র চলছে, তা কোনও একক দলের বিষয় নয়; বরং পুরো জাতির জন্য উদ্বেগের। দেশের উন্নতি চায়—এমন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রয়োজন। ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারকে হটানো হয়েছে, একইভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে রাজপথে নামতে হবে।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে সমন্বয় ও সংলাপের পথ তৈরি হচ্ছে। তবে ঐক্যের স্থায়িত্ব নির্ভর করবে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ কার্যকর, বিচার ও রাষ্ট্রীয় সংস্কারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটা সমঝোতা তৈরি হয়, তার ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ