হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার সমর্থকেরা বাংলাদেশে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। এসব কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলায় জড়িয়েছে। এসব ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মী ও সমর্থকেরাও হামলার শিকার হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের তিনজন নেতা-কর্মী রয়েছেন। এ ছাড়া একটি যানবাহনে আগুন দেয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন বাসসহকারী। রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় প্রাণহানির বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও উঠে এসেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
সহিংসতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে। পাশাপাশি সরকারি সম্পত্তিতে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন স্থানে তৎপর হতে হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জে অস্থিরতার কারণে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক অবরোধ করা হয়। শুক্রবার সকালে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিলো। এতে ওই অঞ্চলে যানবাহন চলাচল ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।
নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, বিক্ষোভের সময় কয়েকজনকে অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। এ ছাড়া পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া এবং একজন পুলিশ সদস্যকে মারধর করে আহত করার ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জে পুলিশ ও সরকারি স্থাপনায় হামলার বিষয়টি অন্যান্য সংবাদমাধ্যমেও উঠে এসেছে।
প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পটভূমিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর আগে শেখ হাসিনা সরকার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালায়। ওই সময় পরিস্থিতির অবনতি হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে চালানো অভিযানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ওই সময়ের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত অপরাধের বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ রায় দেয়া হয়।
এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার বিষয়ে নয়াদিল্লির সমালোচনা করেছেন। শেখ হাসিনাকে ভারতে অবস্থান করতে দেয়ার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, বাংলাদেশে চলমান সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টায় জড়িত বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা পাচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যও তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
সূত্রঃ বাসস
সবার দেশ/কেএম




























