দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পাসপোর্ট-এনআইডির আবেদন যাচাই করছে সরকার, আইনি ভিত্তি খতিয়ে দেখছে দুই মন্ত্রণালয়।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করছে সরকার। একই সঙ্গে ভারতে অবস্থানরত দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনিও শুনেছেন এবং সংবাদমাধ্যমে প্রচারিত খবর দেখেছেন। তবে এখন পর্যন্ত আবেদনের সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাই করতে পারেননি।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি রয়েছে কি না, যথাযথ নিয়মে আবেদন করা হয়েছে কি না এবং শেখ হাসিনার এ ধরনের আবেদন করার আইনগত অধিকার আছে কি না—এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় আইনি পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানোর উদ্যোগ
দণ্ডিত পলাতক হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও দণ্ডিত আসামি অন্য কোনও দেশে আশ্রয় নিলে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনও দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।
পাসপোর্ট আবেদনের আইনি অধিকার নিয়ে প্রশ্ন
সম্প্রতি শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
আবেদনে তার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করে নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও আবেদনটির সত্যতা নিশ্চিত করা হয়নি।
ফলে আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কি না, বিদ্যমান আইন অনুযায়ী তা গ্রহণযোগ্য কি না এবং একজন দণ্ডিত পলাতক আসামির ক্ষেত্রে এ ধরনের নথি ইস্যুর সুযোগ রয়েছে কি না—এসব প্রশ্নের নিষ্পত্তি এখন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পর্যালোচনার ওপর নির্ভর করছে।
ককটেল হামলার পেছনে পতিত শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ
এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, পতিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে মাঝেমধ্যে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকার একদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
সব মিলিয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। আবেদনটির সত্যতা ও আইনি গ্রহণযোগ্যতা যাচাইয়ের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়াও সরকারের বিবেচনায় রয়েছে।
সবার দেশ/এমকেজে




























