Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ৬ আগস্ট ২০২৬

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা

জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার মাথা ফেটে গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য রাকিব শিকদার জানান, আগের দিনের হামলায় আহত এক সদস্যকে দেখতে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্য সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এসে তাদের ঘিরে ফেলেন।

তার দাবি, হামলাকারীরা প্রথমে ভিডিও কলে অজ্ঞাত একজনের কাছে নূর মোহাম্মদের পরিচয় নিশ্চিত হন। এরপর নূর মোহাম্মদসহ উপস্থিত অন্যদের ওপর বেধড়ক হামলা চালানো হয়।

এ হামলায় নূর মোহাম্মদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তানিম, রাকিব শিকদার ও আলফাজ আহত হন। আহত নূর মোহাম্মদ বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে।

অন্যদিকে জকসুর সাধারণ সম্পাদক আবদুল আলিমও ফেসবুকে দেয়া এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে লেখেন, ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

তিনি আরও লেখেন, “পরশাসনের কাছে আহ্বান, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।

তবে হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী