এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, পুড়ল পাঁচ ঘর
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ও দলটির নেতারা। এ ঘটনায় একতলা টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও মারা গেছে। তবে সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্য হতাহত হননি।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাড়িতে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন কক্ষে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি আগুনে পুড়ে যায়। এ সময় বাড়িতে সংসদ সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।
তিনি আরও লেখেন, এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ করেন। দলটির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করা হয়েছে।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাড়িতে সংসদ সদস্যের পরিবারের সদস্যরা ছিলেন। ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও দলীয় নেতাকর্মীরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকালে তারা সেখানে পৌঁছান।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। তবে সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী সংগঠন জাতীয় নারীশক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সবার দেশ/এফও




























