Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ১৯ জুলাই ২০২৬

মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত ইরানের

মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব ধরনের প্রতিশ্রুতি ও বাস্তবায়ন কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র আগেই ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে, তাই পাল্টা পদক্ষেপ হিসেবে তারা আর কোনো ধারাই বাস্তবায়ন করবে না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ইসলামাবাদ সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র নিজেদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং কার্যত সেগুলো স্থগিত রেখেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও সমঝোতার অধীনে থাকা নিজেদের সব ধরনের প্রতিশ্রুতি ও বাস্তবায়ন কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

গারিবাবাদি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রধান অগ্রাধিকার হলো চলমান মার্কিন হামলার মুখে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। এ কারণে সমঝোতা বাস্তবায়নের চেয়ে জাতীয় নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এর আগে ইরানের কর্মকর্তারা একাধিকবার অভিযোগ করেছিলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছিলেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে তেহরানও ওই সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসবে।

সর্বশেষ ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো ইরান, ইসলামাবাদ সমঝোতার কোনও ধারাই তারা আপাতত বাস্তবায়ন করবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্রমবর্ধমান এ উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ: