আন্দোলনে সমর্থনের অভিযোগে ভারতে ৩ মুসলিম যুবক গ্রেফতার
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা এবং প্রতিবাদ সমাবেশের উদ্যোগ নেয়ার অভিযোগে আসামে তিন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হলেন মঞ্জুর রহমান (২৩), আশরাফুল ইসলাম (২১) ও আব্দুল কাশেম (২৩)।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি শিক্ষা খাতে অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের প্রতি সংহতি জানাতে তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজনের জন্য স্থানীয় লালুক থানায় অনুমতি চেয়ে আবেদনও করেন।
তবে পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়নি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিনজনকেই গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতার হওয়া মঞ্জুর রহমান ও আশরাফুল ইসলাম এমকমের শিক্ষার্থী। অপরদিকে আব্দুল কাশেম ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক শেষ করে একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন।
গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
মঞ্জুর রহমানের বাবা মজিবুর রহমান বলেন, তার ছেলে শান্তিপূর্ণভাবে আন্দোলনের উদ্যোগ নিয়েছিলো এবং কোনও অসাংবিধানিক কর্মকাণ্ডে জড়িত ছিলো না। তিনি দাবি করেন, কেবল মত প্রকাশের অধিকার প্রয়োগ করায় তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে আশরাফুল ইসলামের বাবা আয়ুব আলী অভিযোগ করেন,
ধর্মীয় পরিচয়ের কারণেই তাদের সন্তানদের টার্গেট করা হয়েছে। তার ভাষায়, আমরা মুসলিম, আর সে কারণেই আমাদের ছেলেদের ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে।
তবে এ ঘটনায় আসাম পুলিশ এখন পর্যন্ত গ্রেফতারের সুনির্দিষ্ট আইনি ভিত্তি বা অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সবার দেশ/কেএম




























