সীমান্তে আটকালো প্রশাসন
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
ভারত-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাব, হরিয়ানা ও কয়েকটি রাজ্যের হাজারো কৃষক দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করলেও রাজধানীতে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় প্রশাসন। পরে হরিয়ানা সরকারের সঙ্গে বৈঠকে আশ্বাস পাওয়ার পর আপাতত কর্মসূচি স্থগিত করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির কিষাণ ঘাটে ‘দেশ বাঁচাও মোর্চা’র ব্যানারে কৃষকদের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিলো। এতে অংশ নিতে পাঞ্জাবসহ বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা কয়েক দিন আগে থেকেই ট্রাক্টর নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। তাদের এ যাত্রা কয়েক বছর আগে কৃষি আইনবিরোধী আন্দোলনের সময় দিল্লির সীমান্তে দীর্ঘস্থায়ী কৃষক বিক্ষোভের স্মৃতি ফিরিয়ে আনে।
তবে দিল্লির কাছাকাছি শমভু সীমান্তে পৌঁছালে পাঞ্জাব থেকে আসা কৃষকদের রাজধানীর দিকে অগ্রসর হতে দেয়নি প্রশাসন। ফলে সেখানেই তাদের যাত্রা থেমে যায়।
পরে হরিয়ানার কৃষিমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী কৃষক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেয়া হলে আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি স্থগিত করে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে অনেক কৃষক ফিরে যেতে শুরু করেছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীদের আশঙ্কা, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে কৃষি, দুগ্ধশিল্প এবং কৃষিভিত্তিক অন্যান্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের মতে, এ চুক্তি কৃষকদের স্বার্থের পরিপন্থী হতে পারে এবং দেশীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়বেন।
অন্যদিকে ভারত সরকার দাবি করেছে, অন্তর্বর্তীকালীন এ বাণিজ্য চুক্তির ফলে কৃষকসহ দেশের কোনও শ্রেণি-পেশার মানুষের স্বার্থ ক্ষুণ্ন হবে না। সরকারের ভাষ্য, চুক্তিটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে ‘দেশ বাঁচাও মোর্চা’ কেন্দ্রীয় সরকারের কাছে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিসংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে। একই সঙ্গে কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া কোনো আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সূত্র: বিবিসি
সবার দেশ/কেএম




























