Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৪ অক্টোবর ২০২৬

আখতারুজ্জামানের মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে গোলাম পরওয়ার

‘জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন’

‘জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন’
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ার পর থেকেই আখতারুজ্জামানের প্রতি সরকারের ক্ষোভ তৈরি হয়েছে এবং সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আখতারুজ্জামানের রিমান্ড বাতিল করে অবিলম্বে মুক্তির দাবি জানান। 

জামায়াত নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, 

আপনার পিতা-মাতা জামায়াত-শিবিরকে নিয়ে যা বলেননি, আপনি তা বলে নিজেকে কি তাদের চেয়ে বেশি বিচক্ষণ মনে করেন?

বিএনপি নেতাদের শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে চলায় তাকে সরাতে ১৫ বছর লেগে যায় বলে দাবি করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিলো। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেতো না। অনেকে মোবাইল ফোন পর্যন্ত বন্ধ রাখতেন। কিন্তু ক্ষমতায় এসে সরকারপ্রধানসহ তার মন্ত্রীদের কেউ কেউ জামায়াত-শিবিরকে গুপ্ত বলছেন, স্বাধীনতাবিরোধী বলছেন।

১৯৯১ সালে জামায়াতের সমর্থনে সরকার গঠন করেছিলো বিএনপি। ১৯৯৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দল দুটি জোটবদ্ধ ছিলো। প্রধানমন্ত্রীর উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, 

যাদের সঙ্গে আপনার মা জোট করেছিলেন, যাদের সমর্থনে তিনি সরকার গঠন করেছিলেন, তাদেরকে গুপ্ত আর স্বাধীনতাবিরোধী বলে প্রধানমন্ত্রী নিজেই তার মায়ের বিরুদ্ধে কথা বলছেন।

মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্তানপন্থী নেতাদের জিয়াউর রহমান ও খালেদা জিয়া কেন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, সে প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি তারেক রহমানের উদ্দেশে বলেন, 

পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখা শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিলেন জিয়াউর রহমান। আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছিলেন। বর্তমান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের আব্বা মির্জা রুহুল আমিন রাজাকার ছিলেন। তাদেরকে আপনারাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রী বানিয়েছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে জামায়াত ও আওয়ামী লীগের তলে তলে যোগাযোগ রয়েছে। তা নাকচ করে গোলাম পরওয়ার বলেন, 

আওয়ামী লীগের সঙ্গে বর্তমান বিএনপি সরকারের তলে তলে যোগাযোগ ও সখ্য রয়েছে। সে কারণেই আওয়ামী লীগ রাজপথে মিছিলের সুযোগ পাচ্ছে।

গত বৃহস্পতিবার বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে উচ্চবাচ্য করে তাদের ঘাড় ধরে বের করে দেওয়ার যে ‘হুমকি’ দিয়েছিলেন মেজর আখতার, তা সমর্থন করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, একজন জ্যেষ্ঠ নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি হিসেবে মেজর আখতার বিমানবন্দরে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে অপদার্থ, ব্যর্থ ও অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন। অন্যায়ের প্রতিবাদ করে তিনি সাহসিকতা দেখিয়েছেন।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার মাধ্যমে সরকার সমালোচনার বিষয়ে একটি বার্তা দিতে চাইছে। তিনি তার মুক্তির দাবি জানান। 

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতারাও সমাবেশে বক্তব্য দেন। তারা দাবি করেন, বিমানবন্দরে যাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ করতে গিয়েই আখতারুজ্জামান পরিস্থিতির মুখোমুখি হন। জামায়াতের নেতারা তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান। 

সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় মেজর (অব.) আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ। বিমানবন্দরের ঘটনার জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

আখতারুজ্জামানের গ্রেফতার ও রিমান্ডকে কেন্দ্র করে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি তার মুক্তির দাবি জোরালো করা হয়েছে। অন্যদিকে, বিমানবন্দরে সংঘটিত ঘটনার অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার
বর্ষসেরা ট্যুরিজম পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
মৃত্যুদণ্ডের ইনজেকশনেও মৃত্যু নয়, হাসপাতালে অচেতন ক্রিস্টা
হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, ‘অবৈধ অর্ডার মানি না’
শিক্ষকদের পেনশন ৩ মাসে দেয়ার দাবি আখতারের
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
চুক্তিভিত্তিক জনবল নেবে সেভ দ্য চিলড্রেন
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আমরা যুদ্ধে জড়াতে চাই না: তথ্যমন্ত্রী
নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে