হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
কিশোরদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ করতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়া, স্ট্যাটাস, চ্যানেল এবং মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন সুবিধাগুলো ঐচ্ছিক। অভিভাবক ও কিশোররা একসঙ্গে বসে এসব নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ও সেটআপ করতে পারবেন। তবে অভিভাবক নিয়ন্ত্রণ চালু করলেও সন্তানের ব্যক্তিগত বার্তা পড়া বা ফোনকল শোনার সুযোগ থাকবে না।
প্রোফাইল ও গ্রুপে নিয়ন্ত্রণ
নতুন সুবিধার আওতায় কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন, সেটি নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। একইভাবে কারা কিশোরকে হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপে যুক্ত করতে পারবেন, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।
কিছু সেটিং পরিবর্তনের ক্ষেত্রে পরবর্তী সময়ে অভিভাবকের অনুমোদন ও পিনের প্রয়োজন হতে পারে। কোনও কিশোর নতুন গ্রুপে যোগ দিলে বা কোনও গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকের কাছে নোটিফিকেশন যাওয়ার সুবিধাও থাকছে।
এ ছাড়া কোনও গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে অভিভাবককে সতর্কবার্তা পাঠানো হতে পারে। তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের ভেতরের বার্তা দেখা বা পড়ার সুযোগ থাকবে না।
স্ট্যাটাস ও চ্যানেলেও নিয়ন্ত্রণ
কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে, সেটিও নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। চাইলে কিশোর নিজে নতুন কোনো চ্যানেল তৈরি করতে পারবে কি না, সে বিষয়েও নিয়ন্ত্রণ রাখা যাবে।
একই সঙ্গে কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে, সেটিও নির্ধারণ করার সুযোগ থাকছে নতুন ব্যবস্থায়।
মেটা এআই ব্যবহারে সীমাবদ্ধতা
হোয়াটসঅ্যাপের নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধায় মেটা এআই ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। অভিভাবকেরা কিশোরের জন্য সাধারণ ১৩+ সেটিং নির্ধারণ করতে পারবেন। চাইলে আরও সীমিত কনটেন্ট ব্যবহারের জন্য ‘লিমিটেড কনটেন্ট’ অপশনও বেছে নেয়া যাবে।
ব্যক্তিগত বার্তা ও কল থাকছে সুরক্ষিত
নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থায় অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত চ্যাট পড়তে পারবেন না। একইভাবে ফোনকল শুনতে বা ব্যক্তিগত কথোপকথনে প্রবেশের সুযোগও থাকবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যক্তিগত বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। অর্থাৎ অভিভাবক নিয়ন্ত্রণের আওতায় বিভিন্ন ব্যবহারিক বিষয় সম্পর্কে নোটিফিকেশন পাওয়া গেলেও সন্তানের ব্যক্তিগত যোগাযোগের বিষয়বস্তু দেখা যাবে না।
ধাপে ধাপে চালু হচ্ছে সুবিধা
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন অভিভাবক নিয়ন্ত্রণের সুবিধাগুলো ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফলে সব পরিবার বা সব ব্যবহারকারী একই সময়ে নতুন ফিচারগুলো নাও পেতে পারেন।
সবার দেশ/কেএম




























