১৯৩ কোটি টাকা ব্যয়
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য ১৯৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার চক্র খাওয়ার বড়ি কেনার অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রতি চক্র খাওয়ার বড়ির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা ৮৫ পয়সা। এখানে এক চক্র বলতে একজন নারীর এক মাস ব্যবহারের জন্য নির্ধারিত একটি পূর্ণ প্যাকেট বা কোর্সকে বোঝানো হয়েছে। সেই হিসাবে ৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার চক্র বড়ি সংগ্রহে সরকারের ব্যয় হবে ১৯৩ কোটি ১৭ লাখ টাকা।
অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দরপত্রে একমাত্র দরদাতা হিসেবে রেনাটা পিএলসি কাজটি পেয়েছে। প্রতিষ্ঠানটি তৃতীয় প্রজন্মের খাওয়ার বড়ি সরবরাহ করবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদফতর। ‘সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব বড়ি সংগ্রহ করা হচ্ছে।
প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি দেশের জন্মনিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও সচল রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে প্রায় ৩৯ শতাংশ সক্ষম দম্পতি জন্মনিয়ন্ত্রণের জন্য খাওয়ার বড়ির ওপর নির্ভরশীল। ফলে সরকারি পর্যায়ে এ পদ্ধতির বড়ির চাহিদা উল্লেখযোগ্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সরকারি মজুতে থাকা খাওয়ার বড়ি দিয়ে এক মাসেরও কম সময়ের চাহিদা পূরণ করা সম্ভব। সরবরাহে যাতে কোনও ধরনের ঘাটতি তৈরি না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে নতুন করে বড়ি কেনার উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন এ চালানের মাধ্যমে সরকারি পরিবার পরিকল্পনা কর্মসূচিতে খাওয়ার বড়ির সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি জন্মনিয়ন্ত্রণসেবা গ্রহণকারী নারীদের জন্য নিয়মিত সেবা নিশ্চিত করার লক্ষ্য নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























