স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ
রাজকীয় ফ্ল্যাট না থাকলে বসতবাড়িও পরিত্যক্ত মনে হয়: নুসরাত
কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। বাড়িটিকে দীর্ঘদিনের পরিত্যক্ত উল্লেখ করে আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলায় মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কেন এ হামলার ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হলো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি দাবি করেন, তার গ্রামের বাড়িতে শিশু ও পরিবারের সদস্যসহ ৬ থেকে ৭ জন মানুষ বসবাস করতেন। সেখানে একাধিক গবাদিপশুও ছিলো। এমন একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হামলার ঘটনাকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে নুসরাত প্রশ্ন করেন,
স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এ হামলাকে লঘু করতে চাইলেন?
পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের তার বাড়িতে হামলার জন্য দায়ী বলে নিজের বিশ্বাসের কথাও উল্লেখ করেন নুসরাত। তিনি বলেন,
বাড়িটিতে সাতজন মানুষ ঘুমিয়ে থাকতেন। সে বাড়িকে যদি পরিত্যক্ত বলা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনকেও পরিত্যক্ত বলতে হবে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
নুসরাতের এ প্রতিক্রিয়ার আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে তার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে সরকারের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে দুর্ঘটনাবশত আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনও আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিলো।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান নুসরাত তাবাসসুম। তার দাবি, বাড়িটিতে মানুষ ও গবাদিপশুর বসবাস থাকা সত্ত্বেও সেটিকে পরিত্যক্ত বলা হয়েছে। একই সঙ্গে আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগেই শর্টসার্কিটের সম্ভাবনাকে গুরুত্ব দেয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তবে বাড়িতে আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ, তা যৌথ তদন্তের মাধ্যমে নির্ধারণের কথা জানিয়েছে সরকার।
সবার দেশ/কেএম




























