নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করে পাননি ডেপুটি স্পিকার
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেও পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার গভীর রাতে এক সহকর্মীর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে কারও সঙ্গে কথা বলতে পারেননি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি তুলে ধরে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু তার একার বিষয় নয়, এটি সংসদের সবার জন্য উদ্বেগের।
ঘটনার বিবরণ দিয়ে কায়সার কামাল জানান, বুধবার রাত ১টা ২০ থেকে ১টা ২৫ মিনিটের দিকে এক সহকর্মীর মাধ্যমে তিনি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পান। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি।
এরপর আইনমন্ত্রীকে ফোন করেন ডেপুটি স্পিকার। সেখানেও যোগাযোগ করতে ব্যর্থ হন তিনি। পরে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন। তবে তার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
সংসদে বক্তব্য দিতে গিয়ে ডেপুটি স্পিকার বলেন,
যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।
তিনি বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনা নিয়ে সংসদে আলোচনা করার উপযুক্ত সময় এখনই। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
ডেপুটি স্পিকার আরও জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরবর্তী সময়ে কথা হলে তিনি তাকে জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে শুধু তদন্ত শুরু করলেই হবে না উল্লেখ করে কায়সার কামাল বলেন, তদন্ত প্রতিবেদন ও সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে দ্রুত মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
সবার দেশ/কেএম




























