Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:১৭, ২৩ নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করলো ঢাকা-দিল্লি

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। অথচ চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি প্রণয়ন নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি দুই দেশ। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন অথবা সংশোধিত চুক্তির উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এর মধ্যেই গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটি। রোববার ঢাকায় কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপনের কথা রয়েছে।

জেআরসির সদস্য ড. মো. আনোয়ার কাদির সমকালকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

তবে নিয়মিত বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত হলেও চুক্তির ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির থাকলেও চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাদের নেই। এটি দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ের বিষয়।

৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হবে।

চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভারতের ফারাক্কা ব্যারাজ এবং বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে দুই দেশের যৌথ কমিটি। পানির প্রবাহ ও বণ্টনের তথ্য বিশ্লেষণ করে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়।

এ চুক্তির মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি কীভাবে দুই দেশের মধ্যে বণ্টন হবে, তার একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক সমঝোতা না হওয়ায় বাংলাদেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আনুষ্ঠানিক আলোচনার অপেক্ষায় বাংলাদেশ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে একটি কারিগরি কমিটিও গঠন করেছে সরকার।

কমিটির প্রধান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। এখন ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

এ লক্ষ্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী কূটনৈতিক চ্যানেলে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে ভারতের পক্ষ থেকেও একটি পাল্টা কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

গত জুনে বাংলাদেশ এ বিষয়ে কারিগরি কমিটি গঠন করে। পরে আগস্টে ভারতের কাছে একই অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সূচি পাওয়া যায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, আন্তসীমান্ত পানিসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা। গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনার ক্ষেত্রেও এ ব্যবস্থা কার্যকর রয়েছে।

তিনি আরও বলেছেন, ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে কবে নাগাদ আলোচনা শুরু হতে পারে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি।

নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের অবস্থান হলো, শুধু ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ বাড়ালেই চলবে না। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা এবং প্রবাহ কমে গেলেও বাংলাদেশের প্রাপ্যতা নিশ্চিত করতে নতুন অথবা সংশোধিত চুক্তি করতে হবে।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির নিশ্চয়তামূলক ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

১৯৭৭ সালের চুক্তিতে বলা হয়েছিলো, ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে কোনো ১০ দিন মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার ৮০ শতাংশের কম পানি দেয়া যাবে না। বাংলাদেশের প্রত্যাশা, নতুন চুক্তিতেও এ ধরনের নিশ্চয়তা থাকবে। এতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

অন্যদিকে, ১৯৯৬ সালের চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে ১০ দিন মেয়াদি সময় ধরে পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে বাংলাদেশ ও ভারত সমান পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে ভারত।

আর পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে। তবে পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের সরকারের জরুরি আলোচনার মাধ্যমে পানি বণ্টনের বিষয়ে সমন্বয় করার কথা বলা হয়েছে।

বাংলাদেশের উদ্বেগের জায়গা হলো, পানির প্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলে বিদ্যমান চুক্তির আওতায় দেশের প্রাপ্য পানির নিশ্চয়তা কতটা কার্যকর থাকবে। এ কারণে নতুন চুক্তিতে বাধ্যতামূলক পানি সরবরাহের নিশ্চয়তামূলক ধারা যুক্ত করার ওপর জোর দিচ্ছে ঢাকা।

ভারতের রাজ্যগুলোর স্বার্থও বড় বাধা হতে পারে

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনায় ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা এবং রাজ্য দুটির অবস্থান নতুন চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে।

পশ্চিমবঙ্গের প্রধান উদ্বেগ ভাগীরথী-হুগলি নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা। এ নদীর পানির প্রবাহের সঙ্গে কলকাতা বন্দর সচল রাখা এবং নৌচলাচলের বিষয়টি জড়িত।

অন্যদিকে, বিহারের চাহিদার মধ্যে রয়েছে পানীয় জল ও শিল্পকারখানার জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করা। ফলে গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সংশ্লিষ্ট রাজ্যগুলোর স্বার্থ বিবেচনায় নেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এ পরিস্থিতিতে ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার গঙ্গার পানি বণ্টন চুক্তি পর্যালোচনার জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। এতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়।

৫৪ অভিন্ন নদীর মধ্যে চুক্তি আছে শুধু গঙ্গায়

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। কিন্তু এসব নদীর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশ।

গঙ্গার পানির ওপর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌপরিবহন, জীববৈচিত্র্য ও সুন্দরবনের পরিবেশ অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ কমে গেলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ে। এর প্রভাব পড়ে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, নদীর স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশের ওপর।

বিশেষ করে সুন্দরবনের মিঠাপানির প্রবাহ কমে গেলে বনটির জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা বাংলাদেশের জন্য শুধু কূটনৈতিক বিষয় নয়, বরং খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

দীর্ঘমেয়াদি সমাধান চায় বাংলাদেশ

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন বা সংশোধিত চুক্তির প্রয়োজনীয়তা আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরছে বাংলাদেশ। মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেছেন, গঙ্গার পানি বণ্টনে এমন একটি সমাধান প্রয়োজন, যা মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করবে এবং জনসাধারণের আস্থা অর্জন করবে। একই সঙ্গে আগামী ২৫ থেকে ৫০ বছরের বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সব মিলিয়ে ৩০ বছরের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু না হওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশগত সংকট বিবেচনায় নিয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তা বাড়ছে। এখন দেখার বিষয়, মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত আলোচনায় বসে কি না এবং নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা কতটা নিশ্চিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের