Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ২২ নভেম্বর ২০২৬

দ্য ডিসেন্টের প্রতিবেদন

জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য

গর্ভবতী নারী পুলিশ হত্যার তথ্যও বিভ্রান্তিকর, সরকারি নথি ও ফ্যাক্টচেকের বরাতে দাবি দ্য ডিসেন্টের।

জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিক্ষোভকারীদের হাতে ‘শত শত পুলিশ সদস্য নিহত’ এবং ‘গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যা’র দাবি আবারও সামনে এনেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে তার এসব বক্তব্যের তথ্যগত ভিত্তি নেই বলে দাবি করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশি-বিদেশি সংবাদমাধ্যম, স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থা এবং পুলিশের দাফতরিক নথিতে এসব দাবির অসত্যতা ও বিভ্রান্তিকর দিক আগেই উঠে এসেছে।

গত ২১ নভেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ প্রকাশিত প্রায় ২৯ মিনিটের একটি ভিডিওতে ফজলুর রহমানকে জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার সংখ্যা ও বিভিন্ন ঘটনা নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি শাহজাদপুরে পুলিশ হত্যা, গর্ভবতী নারীকে হত্যা, থানা পোড়ানো এবং শত শত পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি করেন।

ভিডিওর ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে তাকে বলতে শোনা যায়, 

আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এ যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেলো জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে।

বক্তব্যে তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, পুলিশ সদস্যরা আদেশ পালন করে দায়িত্ব পালন করেন। তাদের হত্যা এবং থানায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আওয়ামী লীগের সঙ্গে তুলনা টেনে বলেন, পুলিশ হত্যার ঘটনার পরিণতি এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে।

তবে দ্য ডিসেন্ট বলছে, 

ফজলুর রহমানের বক্তব্যে উল্লিখিত অন্তত দুটি গুরুত্বপূর্ণ দাবি—শত শত পুলিশ সদস্য নিহত হওয়ার তথ্য এবং গর্ভবতী নারী পুলিশ সদস্য হত্যার ঘটনা—যাচাইয়ে অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে উঠে এসেছে।

নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪, বলছে পুলিশ সদর দফতর

পুলিশ সদর দফতরের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, 

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যের সংখ্যা ৪৪ জন। ২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশ সদর দফতর প্রথম এ তালিকা প্রকাশ করে।

পরবর্তী সময়ে ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং নিহত পুলিশ সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলসহ তালিকাটি পুনরায় প্রকাশ করে। সে সময় পুলিশ সদর দফতর নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে। পাশাপাশি তালিকার বাইরে অন্য কোনও পুলিশ সদস্য নিহত হয়ে থাকলে তার প্রমাণ সরবরাহ করার আহ্বান জানানো হয়।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি এ তালিকার বাইরে শত শত পুলিশ সদস্য নিহত হওয়ার দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য বা দাফতরিক প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিলো, ৫ আগস্ট দুপুরের পরবর্তী ৭২ ঘণ্টায় হাজারো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ ও দ্য ডিসেন্টসহ একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ওই দাবিগুলো যাচাই করে অসত্য হিসেবে চিহ্নিত করে।

গর্ভবতী নারী পুলিশ হত্যার গুজব যেভাবে ছড়ায়

জুলাই আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন—এমন দাবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিলো। তবে যাচাইয়ে দেখা যায়, ওই হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের তালিকায় কোনও নারী পুলিশ সদস্য ছিলেন না।

এ ঘটনায় নারী পুলিশ সদস্য পৃথিবী চাকমার ছবি ব্যবহার করে তাকে গর্ভবতী অবস্থায় নিহত বলে প্রচার করা হয়। অথচ তিনি জীবিত ছিলেন এবং ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

বিবিসি বাংলার পরবর্তী একটি ভিডিও প্রতিবেদনে এনায়েতপুর থানায় হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য তুলে ধরা হয়। ওই নারী জানান, হামলার সময় তাকে রক্ষা করতে একজন পুলিশ সহকর্মী ও কয়েকজন স্থানীয় তরুণ হামলাকারীদের বলেছিলেন, তার পেটে সন্তান রয়েছে।

মারধরের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে অনেকে তাকে মৃত ভেবে ভুল করেছিলেন। দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনা থেকেই গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার সূত্রপাত।

পরবর্তীতে ‘ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে’—এমন ক্যাপশন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। এসব ছবি ও ভুল তথ্য গুজবটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করে।

পুলিশ নিহতের সংখ্যা নিয়ে আগেও ছড়িয়েছে বিভ্রান্তি

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার সংখ্যা নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। কোথাও ৩ হাজার ২০৪ জন, কোথাও দুই হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য নিহত কিংবা নিখোঁজ হওয়ার দাবি করা হয়েছে। কিন্তু এসব সংখ্যার পক্ষে নির্ভরযোগ্য দাফতরিক ভিত্তি পাওয়া যায়নি বলে বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য ডিসেন্টের আগের একটি প্রতিবেদনেও সাবেক ও বর্তমান কয়েকজন সাংবাদিক এবং কলামিস্টের পুলিশ হত্যার সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরা হয়েছিলো।

শিল্পকলায় অনুষ্ঠান হয়নি—এমন দাবিও ভুল প্রমাণিত

ফজলুর রহমানের বিরুদ্ধে এর আগেও তথ্যগত বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, ৫ আগস্টের পর শিল্পকলা একাডেমিতে কোনও নাটক, গান কিংবা লালনগীতি অনুষ্ঠিত হয়নি।

তবে ফ্যাক্টচেকিং প্রতিবেদনে ওই দাবিরও অসত্যতা উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, 

ওই সময় শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পাশাপাশি লালনের তিরোধান দিবস প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়েছিলো।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার প্রকৃত সংখ্যা, বিভিন্ন সহিংস ঘটনার বিবরণ এবং সংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে রাজনৈতিক বক্তব্য ও সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য প্রচারিত হচ্ছে। এমন পরিস্থিতিতে দাপ্তরিক নথি, প্রত্যক্ষ সাক্ষ্য এবং স্বাধীনভাবে যাচাই করা তথ্যের ভিত্তিতে ঘটনাগুলো মূল্যায়নের প্রয়োজনীয়তা আরও বাড়ছে।

সূত্র: দ্য ডিসেন্ট, পুলিশ সদর দফতর, প্রধান উপদেষ্টার প্রেস উইং, বিবিসি বাংলা, রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের