আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
দেশব্যাপী তদন্ত চলছে, শেষ করতে সময় লাগবে; ট্রাইব্যুনালের রায়ে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। দেশব্যাপী তদন্ত পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তদন্ত ও মামলা নজিরবিহীন হওয়ায় তা সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রসিকিউটর তামিম।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি এবং দেশজুড়ে সংঘটিত সহিংসতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলটির বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে। তদন্তের পরিধি দেশব্যাপী হওয়ায় এটি শেষ করতে সময় প্রয়োজন। তবে তদন্ত সম্পন্ন হতে কতদিন লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে রায়ে
প্রসিকিউটর তামিম জানান, ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিলো। মামলার আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা দিয়েছেন।
তার দাবি, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ রায়ের ভিত্তিতে দলটির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
মাহবুবউল আলম হানিফের মামলায় অভিযোগ প্রমাণিত
গাজী এমএইচ তামিম আরও বলেন,
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিলো। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে বলে জানান তিনি।
প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, এ মামলার রায় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা হতে পারে। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা এবং আইনগত বিষয়গুলো বিশ্লেষণ না করে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে চাননি তিনি।
তদন্ত শেষ হতে কত সময় লাগবে, অনিশ্চিত
আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে তদন্তের পরবর্তী ধাপগুলো এখনও চলমান। দেশজুড়ে বিভিন্ন ঘটনা, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ সম্পন্ন করতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রসিকিউটর।
বাংলাদেশের ইতিহাসে দল হিসেবে কোনও রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এ ধরনের তদন্ত ও বিচারপ্রক্রিয়া নজিরবিহীন উল্লেখ করে গাজী এমএইচ তামিম বলেন, তদন্তের ব্যাপ্তি বিবেচনায় এটি সম্পন্ন হতে কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের অগ্রগতি এবং সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ধারণ করা হবে।
সবার দেশ/এমকেজে




























