Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২৬ মে ২০২৬

বিপদে এতিমখানা ও কওমি মাদ্রাসা

কোরবানির চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা

কোরবানির চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম সম্ভাবনাময় রফতানি খাত চামড়াশিল্প আবারও বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কার্যক্রম গড়ে ওঠে, তা এবারও ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র মূলধন সংকট, ব্যাংক ঋণের অপ্রতুলতা, মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় কোরবানির চামড়া নিয়ে ফের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।

খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, পরিস্থিতির সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়বে দেশের কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে। কারণ, প্রতিবছর কোরবানির চামড়া বিক্রির অর্থ থেকেই এসব প্রতিষ্ঠানের বার্ষিক ব্যয়ের বড় একটি অংশ নির্বাহ করা হয়।

চামড়াশিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী, আলেম ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা চামড়ার বাজারে ধস নামার পেছনে অন্তত পাঁচটি বড় কারণ কাজ করছে। এগুলো হলো—তীব্র তারল্য সংকট, ব্যাংক ঋণ না পাওয়া, সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর কাঙ্ক্ষিত কার্যকারিতা না আসা, লবণ ও কেমিক্যালের মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং মৌসুমি ব্যবসায়ীদের অনভিজ্ঞতা।

খাতসংশ্লিষ্টদের মতে, কোরবানির সময় চামড়া কেনাবেচার পুরো ব্যবস্থাই নির্ভর করে নগদ টাকার ওপর। কিন্তু কয়েক বছর ধরে ব্যাংকগুলো চামড়া খাতে ঋণ বিতরণ কমিয়ে দিয়েছে। খেলাপি ঋণের অজুহাতে অনেক ট্যানারি মালিক প্রয়োজনীয় অর্থ পাচ্ছেন না।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন–এর সিনিয়র সহসভাপতি মো. শাখাওয়াত উল্লাহ বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো খেলাপি ঋণের কারণ দেখিয়ে টাকা দিতে অনীহা দেখাচ্ছে। ফলে আড়তদাররা সময়মতো চামড়া কিনতে পারছেন না, যা পুরো বাজারকে অস্থির করে তুলছে।

তিনি আরও বলেন, সাভারে স্থানান্তরের পর থেকেই অধিকাংশ ট্যানারি লোকসানে চলছে। ফলে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সক্ষমতাও আগের তুলনায় কমে গেছে।

খাতসংশ্লিষ্টদের দাবি, এ বছর চামড়া সংরক্ষণের জন্য ২২৮ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ১০০ কোটি টাকারও কম ঋণ বিতরণ হতে পারে।

এদিকে চামড়ার এ সংকটকে শুধু অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখছেন না দেশের অনেক আলেম ও সমাজবিশ্লেষক। তাদের দাবি, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলো।

দারুল আবরার মাদ্রাসা–এর প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবদুল হান্নান বলেন, চামড়াজাত পণ্যের দাম বাড়ছে, কিন্তু কোরবানির চামড়ার দাম কমছে। এটা স্বাভাবিক নয়। এর পেছনে দেশি-বিদেশি কারসাজি থাকতে পারে।

তিনি দাবি করেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী কোরবানির চামড়ার অর্থ দরিদ্র, এতিম ও মিসকিনদের হক। অথচ বছরের পর বছর সে অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একই ধরনের উদ্বেগ জানিয়েছেন জামেয়া ইসলামিয়া ফজলুর রহমান ভূঁইয়া মাদ্রাসা–এর ইনচার্জ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আর চামড়া সংগ্রহে আগ্রহ দেখায় না। কারণ, এত পরিশ্রম করেও ন্যায্যমূল্য পাওয়া যায় না।

স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কাঁচা চামড়ার বাজারে কিছু সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে দাম কমিয়ে রাখে। ফলে অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায় অথবা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে পাচার হয়ে যায়।

কেউ কেউ মনে করছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্প যাতে শক্ত প্রতিযোগী হয়ে উঠতে না পারে, সেজন্যও একটি আন্তর্জাতিক লবি সক্রিয় থাকতে পারে। যদিও এ ধরনের দাবির পক্ষে নির্দিষ্ট কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি।

এদিকে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার এবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় দেশের জেলা প্রশাসক, ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে চামড়া বাজারে কারসাজি ঠেকাতে নির্দেশ দিয়েছে। সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নজরদারিও বাড়ানো হয়েছে।

তবে খাতসংশ্লিষ্টদের প্রশ্ন—প্রতি বছর একই সংকটের পুনরাবৃত্তি হলেও দীর্ঘমেয়াদি সমাধান এখনও কেনো আসছে না। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের সম্ভাবনাময় চামড়াশিল্প আরও গভীর সংকটে পড়বে, যার বড় মাশুল গুনতে হবে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদেরই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা