Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ২৭ মে ২০২৬

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় তিনি ঈদের তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষা নিয়ে আবারও মুসলিম উম্মাহর সামনে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের জন্য তার আন্তরিক শুভকামনা রইলো। ঈদ মুবারক, জানিয়ে তিনি শান্তি ও সৌহার্দ্যের বার্তাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের ভেতরের লোভ, হিংসা, বিদ্বেষ ও পশুত্বকে দমন করার এক মহান শিক্ষা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আত্মত্যাগ ও আত্মসমর্পণের যে শিক্ষা কোরবানির মাধ্যমে পাওয়া যায়, সেটিই মানুষের জীবনকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন কোরবানির মাংস দরিদ্র ও অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেন। এর মধ্য দিয়েই কোরবানির প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় কোরবানির চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের কাজে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি, যাতে ঈদের দিনেই আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা সম্ভব হয়।

বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রার্থনা করেন যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব এবং মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হয়।

সবশেষে আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঈদ মুবারক।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা