Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ৩০ জুলাই ২০২৬

ঢাকা-দিল্লি সম্পর্ক হবে সমতার ভিত্তিত: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা-দিল্লি সম্পর্ক হবে সমতার ভিত্তিত: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উভয় দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা উভয়েই একমত যে পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি ছিলো একটি সৌজন্য সাক্ষাৎ। ফলে কোনও নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে সামগ্রিকভাবে সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, নির্দিষ্ট কোনও বিষয়ে বিস্তৃত আলোচনা হয়নি। পরবর্তীতে প্রয়োজনীয় সব বিষয় নিয়েই আলোচনা করার সুযোগ থাকবে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের কিছু ‘অস্বস্তিকর বিষয়’ রয়েছে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, এসব বিষয় নিরসন করা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, তিনি (ভারতীয় হাইকমিশনার) যেমন বিষয়গুলো জানেন, আমিও জানি। এগুলোর সমাধান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে উঠেছিলো কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সব বিষয়ই আলোচনায় আসবে।

ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কি না—এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে।

তিনি বলেন, সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে জানানো হবে। প্রধানমন্ত্রীর আরও কয়েকটি বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে। একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও তার অংশ নেয়ার কথা রয়েছে। তাই সব কর্মসূচি সমন্বয় করেই সিদ্ধান্ত নেয়া হবে।

ড. খলিলুর রহমান জানান, সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকেও দুই দেশ ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ‘অনুসন্ধানমূলক’ সফর। বাংলাদেশ ও এর অগ্রাধিকারগুলো সম্পর্কে ধারণা নিতেই তিনি আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্জিও গর শুধু সরকারের প্রতিনিধিদের সঙ্গেই নয়, বিভিন্ন অংশীজনের সঙ্গেও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলেও আশা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক সহায়তাদাতা।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘বহুমাত্রিক’ উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, দুই দেশই এ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আগ্রহী।

বাংলাদেশ কোনও ধরনের আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনও ধরনের চাপ অনুভব করছি না।

চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘জিরো-সাম গেম’ নয়।

তার ভাষায়, একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার অর্থ অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। আমরা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চাই।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে অত্যন্ত সফল উল্লেখ করে বলেন, ভবিষ্যতে ভারত সফর হলেও বাংলাদেশ একই ধরনের ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে।

এদিকে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। পারস্পরিক স্বার্থ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সংস্কৃতি, সংগীত, ক্রিকেটসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। এটি কেবল শুরু। ভবিষ্যতে আমরা আরও বেশি সম্পৃক্ত হবো।

এর আগে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা