দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ রয়েছে। কমিশনের ভাষ্য অনুযায়ী, অসৎ উদ্দেশ্যে নির্ধারিত সময় পার হওয়ার পরও সম্পদ বিবরণী দাখিল না করায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ ছাড়া তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করে দুদক। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, মামলার তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগ ঠেকানো প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
সবার দেশ/কেএম




























